২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন

দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৬০০ এর বেশি শেফ ও রন্ধনশিল্পের সঙ্গে যুক্ত পেশাজীবী অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 09:30 PM

Updated : 20 Oct 2026, 09:30 PM

ঢাকায় ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন করেছে শেফস ফেডারেশন অব বাংলাদেশ (সিএফবি)।

দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ৬০০ এর বেশি শেফ ও রন্ধনশিল্পের সঙ্গে যুক্ত পেশাজীবী অংশ নেন।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, পেশাদার শেফদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে তাদের ভূমিকা তুলে ধরাই ছিল আয়োজনের উদ্দেশ্য।

এমজিআইয়ের ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রীম মিল্ক পাউডার অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছে।

ঢাকায় মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি অনুষ্ঠানে বলেন, “স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে শেফদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পুষ্টিকর উপাদান ব্যবহার করে সুস্বাদু খাবার তৈরি এবং খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে শেফরা মানুষের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। আন্তর্জাতিক শেফস ডের এ আয়োজন রন্ধনশিল্পীদের সৃজনশীলতা ও পেশাদারত্বকে উৎসাহিত করবে।”

শেফস ফেডারেশন অব বাংলাদেশের সভাপতি শেফ জহির খান বলেন, “শেফরা শুধু খাবার তৈরি করেন না, তারা মানুষের খাদ্যাভ্যাস ও রুচি গঠনেও ভূমিকা রাখেন। স্বাস্থ্যকর খাবার তৈরিতে মানসম্মত উপাদান নির্বাচন এবং নতুন নতুন রেসিপি নিয়ে কাজ করা জরুরি। আন্তর্জাতিক শেফস ডে আমাদের পেশাজীবীদের অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং রন্ধনশিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করার সুযোগ করে দেয়।”

অনুষ্ঠানে শেফস ফেডারেশনের প্রধান উপদেষ্টা শাকাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক শেফ বোরহান খান, জ্যেষ্ঠ সহসভাপতি জুলিয়ান সিটল বাটলারো ও শেফ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া মেঘনা গ্রুপের পক্ষে চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খোন্দকার, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহবুবুর আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ মাহবুবুর রহমান ও শফিকুল ইসলামও অনুষ্ঠানে ছিলেন।