কার্ডবিহীন কিস্তিতে ‘ডিভাইস-বান্ডেল’ দিচ্ছে গ্রামীণফোন ও পামপে
এই সুবিধার মাধ্যমে ক্রেতারা ক্রেডিট কার্ড ছাড়াই স্মার্টফোন কেনার সুবিধার পাশাপাশি দীর্ঘমেয়াদি ডেটা ও ভয়েস প্যাকেজ কিনে কিস্তিতে দাম পরিশোধের সুযোগ পাবেন।
কার্ডবিহীন কিস্তিতে ‘ডিভাইস-বান্ডেল’ কেনার সুবিধা চালু করেছে দেশের টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন ও পামপে।
এই সুবিধার মাধ্যমে ক্রেতারা ক্রেডিট কার্ড ছাড়াই স্মার্টফোন কেনার সুবিধার পাশাপাশি ‘আকর্ষণীয় দীর্ঘমেয়াদি’ ডেটা ও ভয়েস প্যাকেজ কিনে কিস্তিতে দাম পরিশোধের সুযোগ পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর এবং হেড অব ইন্টারনেট অ্যান্ড ব্রডব্যান্ড মো. মাহবুবুল আলম ভূঁইয়া এবং পামপের চিফ অপারেটিং অফিসার ক্রিস চেং বৃহস্পতিবার ঢাকার জিপি হাউসে এ বিষয়ে একটি চুক্তিতে সই করেন।
এ সুবিধার অংশ হিসেবে শুধু পামপে প্ল্যাটফর্মের মাধ্যমে ৩ হাজার ৯৯৬ টাকায় ২২৫ জিবি ডেটা ও ৪ হাজার ৫০০ মিনিট এবং ৪ হাজার ৯৯৬ টাকায় ৩৬০ জিবি ডেটা ও ৬ হাজার ৩০০ মিনিটের দুটি বান্ডেলের মেয়াদ থাকছে ২৭০ দিন।
পামপে রিটেইল পার্টনারের মাধ্যমে বা গ্রামীণফোন সেন্টার থেকে গ্রাহকরা এখন আইটেল, টেকনো ও ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন কিস্তিতে (ইএমআই) কিনতে পারবেন, সাথে থাকছে পছন্দের গ্রামীণফোন বান্ডেল।
বান্ডেলটি পুরো মেয়াদের জন্য তাৎক্ষণিকভাবে চালু হবে এবং পামপে অ্যাপের মাধ্যমে কিস্তির অর্থ পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এই প্রক্রিয়ায় গ্রাহকের মূল ব্যালেন্সে কোনো পরিবর্তন হবে না।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, “গ্রাহকদের জন্য সবসময় উন্নত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিতের বিষয়টিতে অগ্রাধিকার দেয় গ্রামীণফোন। পামপের সাথে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা এমন একটি সেবা চালু করতে পেরেছি যাতে ডিভাইস ও কানেক্টিভিটি কেনা আরও সহজ ও সাশ্রয়ী হয়ে উঠেছে।”
পামপে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুন ঝেং ইথান বলেন, “গ্রামীণফোনের সাথে আমাদের পার্টনারশিপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ আমরা শুধু স্মার্টফোন অর্থায়নের প্ল্যাটফর্ম থেকে আরও বিস্তৃত সেবার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা একসাথে বাংলাদেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির একটি নতুন মডেল চালু করছি, যা আরও বেশি মানুষকে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে।”
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ এবং পামপের পক্ষে চিফ সেলস অফিসার জ্যাক ঝা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
