গ্রিনহেরাল্ডের পুনর্মিলনীতে অবসরপ্রাপ্ত শিক্ষক- সিস্টারদের সম্মাননা
বর্তমান শিক্ষার্থীদের সহায়তায় একটি শক্তিশালী মেন্টরশিপ প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সভাপতি।
এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্কুলের পুনর্মিলনীতে দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা অবসরপ্রাপ্ত শিক্ষক ও সিস্টারদের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
গ্রিনহেরাল্ড অ্যালামনাই নেটওয়ার্ক আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট ইভিনিং ২০২৫’ শীর্ষক এ আয়োজন বর্তমান ও সাবেক শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয় বলে রোববার সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে সিস্টার ও স্কুল কর্তৃপক্ষ যোগ দিয়ে আয়োজনকে রূপ দেয় ‘আন্তরিক’, ‘প্রাণবন্ত’ ও ‘স্মৃতিমাখা মিলনমেলায়’।
সংগঠনের সভাপতি শরিফ জহির এবারের প্রতিপাদ্য— `ঐক্যের সুরে, ঐতিহ্যের আলোয়, উদ্দেশ্যের নতুন দিগন্ত` ঘোষণা করে সেখানে অ্যালামনাইদের মধ্যে সম্পর্ক জোরদার, শিক্ষাবিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ বিস্তৃত করার আহ্বান জানান।
তিনি বর্তমান শিক্ষার্থীদের সহায়তায় একটি শক্তিশালী মেন্টরশিপ প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ সিস্টার জ্যাকলিন এল. গোমেজ এবং দীর্ঘদিনের মেন্টর রোনাল্ড ক্রুজ।
