সিটি ব্যাংক প্রকাশ করল জলবায়ু সংক্রান্ত প্রতিবেদন
সিটি ব্যাংক বলছে, প্রতিবেদনটির উদ্দেশ্য বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য সুস্পষ্ট এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক তথ্য তুলে ধরা।
গেল বছরের জলবায়ু সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সিটি ব্যাংক।
আন্তর্জাতিক সাস্টেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস বোর্ড প্রণীত আইএফআরএস এস-১ এবং ২-এর সাথে সামঞ্জস্য রেখে রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেদনটির উদ্দেশ্য বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য সুস্পষ্ট এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক তথ্য তুলে ধরা।
এতে ব্যাংকের পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কৌশলগত পরিকল্পনায় সাসটেইনেবিলিটি এবং জলবায়ু-সম্পর্কিত ঝুঁকি ও সম্ভাবনা সংক্রান্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিটি ব্যাংক বলছে, এ প্রতিবেদনে কার্বন নির্গমন হ্রাসে ব্যাংকের কার্যক্রমের অগ্রগতি, জলবায়ু ঝুঁকি মূল্যায়ন এবং টেকসই ও সবুজ অর্থায়ন উদ্যোগ তুলে ধরা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, “আমরা ক্লাইমেট রিপোর্ট প্রকাশের মাধ্যমে আমাদের দায়বদ্ধতার কাঠামো আরও শক্তিশালী করেছি এবং টেকসই ও জলবায়ু-সহনশীল ভবিষ্যতের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সিটি ব্যাংক তার মূল ব্যবসায়িক কৌশলের সাথে জলবায়ু-সংক্রান্ত বিষয়সমূহকে সমন্বয় করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জলবায়ু অর্থায়ন বৃদ্ধির লক্ষ্যে দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে।”
