‘পিসিআই ডিএসএস’ পেল আইএফআইসি ব্যাংক
আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের হাতে সনদ তুলে দেওয়া হয়।
টানা চতুর্থবার ‘পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন’ (পিসিআই ডিএসএস) অর্জন করেছে আইএফআইসি ব্যাংক।
বৃহস্পতিবার রাজধানীতে আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার হাতে ‘পিসিআই ডিএসএস’ তুলে দেন ‘রিস্ক অ্যাসোসিয়েটস’ এর সিইও আফতাব রিজভি এবং ‘এসএসএল ওয়্যারলেস’ এর সিইও ইফতেখার আলম ইসহাক।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক, সিনিয়র টিমের সদস্যরা, বিভিন্ন কর্মকর্তা এবং রিস্ক অ্যাসোসিয়েটস ও এসএসএল ওয়্যারলেস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএফআইসি ব্যাংক এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘পিসিআই ডিএসএস’ ব্যাংকের কার্ড কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনা, নিয়ন্ত্রক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং ডিজিটাল পেমেন্ট সেবায় গ্রাহকের আস্থা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
“আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে আইএফআইসি ব্যাংক কার্ড ডেটা নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করছে, যা গ্রাহকের সংবেদনশীল তথ্যের অধিকতর সুরক্ষা নিশ্চিত করবে এবং ডিজিটাল ও কার্ডভিত্তিক ব্যাংকিং সেবায় আস্থা বৃদ্ধি করবে।”
