Published : 06 Jun 2026, 07:33 PM
প্রশাসক মোতাছিম বিল্লাহর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু প্রচারকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছে নগদ।
ডাক বিভাগের অধীন মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানিটি শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “প্রশাসক সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে একটি ‘কুচক্রীমহল’ নানা অপপ্রচারের হীনপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি নগদ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
“অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সামাজিক মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার করে নগদের সুনামহানি করার মাধ্যমে কোনো একটি পক্ষ হীন স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা করছে।”
নগদ বলছে, অপপ্রচার করা হচ্ছে যে, প্রশাসক প্রতিমাসে নয় লাখ এবং সহযোগী প্রশাসকরা প্রতিমাসে পাঁচ লাখ টাকা করে বেতন নিচ্ছেন।
“প্রকৃত সত্য হলো, নগদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাসিক নয় লাখ টাকা হারে মূল বেতন (অন্যান্য ভাতা ও সুবিধা ব্যতীত) গ্রহণ করতেন, যা প্রশাসকের বেতন হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। প্রশাসক ও সহযোগী প্রশাসকরা নগদ হতে কোনো বেতন গ্রহণ করেন না।”
নগদ বলছে, অপর একটি অপপ্রচার চালানো হচ্ছে যে, “নগদ থেকে দুটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি নিয়েছেন প্রশাসক মোতাছিম বিল্লাহ। প্রকৃত সত্য হলো, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে নগদের পরিবহন পুলে অনেক আগে থেকে থাকা তিনটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির মধ্যে একটি গাড়িই প্রশাসক দাপ্তরিক কাজে ব্যবহার করেন। অপর দুটি গাড়ি নগদের অন্যান্য কর্মকর্তা দাপ্তরিক কাজে ব্যবহার করেন।”
এছাড়া, যাতায়াত ভাতা গ্রহণ, বোর্ড সদস্যদের সম্মানী গ্রহণ, চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণে সম্মানী নেওয়া, বোট ক্লাবে প্রশাসকের জন্মদিনের পালন করাসহ বেশ কিছু অভিযোগের প্রতিবাদ জানিয়েছে নগদ।
নগদের ভাষ্য, “প্রশাসক নগদ থেকে কোনো নিয়মবহির্ভুত আর্থিক বা অনার্থিক সুবিধা গ্রহণ করেননি।”