Published : 09 Jul 2026, 08:54 PM
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ চালু করা হয়েছে।
কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষার জন্য বৃহস্পতিবার এ সেন্টার চালু করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বিশ্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে এ সেন্টার চালু সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধন আরো দৃঢ় হবে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, “তৃতীয় ভাষা শেখার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানকে গুরুত্ব দিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ চালু করেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সীমানা ছাড়িয়ে নিজেদের বৈশ্বিক গ্রাজুয়েট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব হেদায়তুল ইসলাম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমানও কথা বলেন।