২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফার এক-তৃতীয়াংশ ‘জনকল্যাণে’ ব্যয়ের ঘোষণা ড্যাফোডিল গ্রুপের

“শিক্ষা, বৃত্তি, যুব নেতৃত্ব উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা এবং সুবিধাবঞ্চিত ও সম্ভাবনাময় তরুণদের ভবিষ্যৎ নির্মাণে এই অর্থ বিনিয়োগ করা হবে,” বলেন চেয়ারম্যান সবুর খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 09:35 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

কোম্পানির মুনাফার এক-তৃতীয়াংশ ‘দেশের জনগণের কল্যাণে’ ব্যয় করার ঘোষণা দিয়েছে ড্যাফোডিল গ্রুপ।

সাভারে ড্যাফোডিল স্মার্ট সিটিতে ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে শনিবার কোম্পানি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৬ সাল থেকে ড্যাফোডিল গ্রুপের নিট মুনাফার এক-তৃতীয়াংশ দেশের জনগণের কল্যাণে ব্যয় করা হবে। ড্যাফোডিল পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই অঙ্গীকার একটি আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে কার্যকর করা হয়।”

ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান বলেন, “ড্যাফোডিল গ্রুপের সকল ‘কনসার্নের’ নিট প্রফিটের এক-তৃতীয়াংশ জনগণের কল্যাণে উৎসর্গ করা হবে। এই উদ্যোগ কেবল করপোরেট সামাজিক দায়িত্ব পালনের অংশ নয়, বরং একটি দীর্ঘমেয়াদি জাতি-গঠনের অঙ্গীকার।

“এর আওতায় শিক্ষা ও বৃত্তি, যুব নেতৃত্ব উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা এবং সুবিধাবঞ্চিত ও সম্ভাবনাময় তরুণদের ভবিষ্যৎ নির্মাণে বিনিয়োগ করা হবে।”