২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা কম্প্রেসর’ উৎপাদন শুরু ওয়ালটনের

“ওয়ালটনের লক্ষ্য দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের শীর্ষ কম্প্রেসর রপ্তানিকারক হওয়া,” বলেন এস এম মাহবুবুল আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 01:13 AM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ইউরোপীয়ান এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ সিরিজের ‘উচ্চ কার্যক্ষমতার টেকসই ও পরিবেশবান্ধব’ কমপ্যাক্ট ডিজাইনের কম্প্রেসর উৎপাদন শুরু করেছে ওয়ালটন।

শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে বাংলাদেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম নতুন এই উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এসিসি ব্র্যান্ডের কম্প্রেসর দেশে উৎপাদনের ফলে বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটরের স্থানীয় চাহিদা মেটার পাশাপাশি উন্নত বিশ্বের দেশগুলোতে রপ্তানি বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে মনে করছে কোম্পানিটি।

এস এম মাহবুবুল আলম বলেন, “এসিসির কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটন তথা বাংলাদেশের জন্য এক মাইলফলক। স্মার্ট ডিজাইন, দীর্ঘস্থায়ীত্ব এবং শ্রেষ্ঠ কার্যক্ষমতার কাপ্পা কম্প্রেসর উৎপাদন ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের আরেকটি সাফল্য।

“ইতোমধ্যে ওয়ালটনের তৈরি কম্প্রেসর ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ওয়ালটনের লক্ষ্য দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের শীর্ষ কম্প্রেসর রপ্তানিকারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।”

খুব শিগগিরই শতাধিক দেশে কম্প্রেসরের পাশাপাশি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ অন্যান্য পণ্য রপ্তানির লক্ষ্য পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়ালটন দেশের একমাত্র কম্প্রেসর উৎপাদন শিল্প স্থাপন করায় বাংলাদেশ এশিয়ার অষ্টম ও বিশ্বের ১৫তম কম্প্রেসর উৎপাদনকারী দেশের তালিকায় স্থান করে নিয়েছে।

২০২২ সালে ‘ঐতিহ্যবাহী ও খ্যাতনামা’ ইতালিয়ান ব্র্যান্ড এসিসির কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, প্রযুক্তি এবং মেধাস্বত্ত অধিগ্রহণ করে ওয়ালটন।