Published : 21 Aug 2025, 09:07 PM
বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের ‘টেকসই ব্যাংক রেটিংয়ে’ সিটি ব্যাংক শীর্ষ স্থান অর্জন করেছে।
এ নিয়ে টানা পাঁচ বছর সিটি ব্যাংক দেশের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় অবস্থান ধরে রাখল বলে প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারই প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে রেটিংয়ে ব্যাংকগুলির অবস্থান ঘোষণা করে। তাতে সিটি ব্যাংকের স্থান প্রথম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর সম্প্রতি এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনের হাতে এ সংক্রান্ত ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নুরুন্নাহার এবং বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই টেকসই বা সাসটেইনেবল ব্যাংক রেটিং বাংলাদেশ ব্যাংক দুটি প্রধান দৃষ্টিকোণ থেকে প্রস্তুত করছে। প্রথমত ‘ফাইন্যান্সিয়াল সাসটেইনেবিলিটি’, যেখানে দেখা হয় মূল ব্যাংকিং সূচকগুলোতে ব্যাংকের পারফরম্যান্স।
মূলধনের পর্যাপ্ততা, তারল্য, সম্পদের মান, মুনাফা, খরচ নিয়ন্ত্রণ দক্ষতা, গ্রাহক সেবা, দেশব্যাপী সেবার সহজলভ্যতা ও সুশাসনের মতো মানদণ্ড এক্ষেত্রে বিবেচনায় রাখা হয়।
দ্বিতীয়ত হলো, ‘এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি’, যেখানে বিচার করা হয় টেকসই অর্থায়ন, সবুজ অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ ও জলবায়ুবান্ধব উদ্যোগগুলোকে।
মাসরুর আরেফিন বলেন: “আমার কাছে ফাইন্যান্সিয়াল সাসটেইনেবিলিটি আমাদের দেশের জন্য এ মুহূর্তে পরিবেশগত সাসটেইনেবিলিটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু এই রেটিং এখন উভয় বিষয়কেই বিবেচনায় নিচ্ছে, তাই এটা কার্যত কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সেরা ব্যাংকেরই স্বীকৃতি। তাই আমাদের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সবাই, আমাদের গ্রাহক ও সব অংশীদার আজ সমানভাবে গর্বিত ও আনন্দিত।”