২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনলাইন হুমকি’ থেকে সুরক্ষা দিতে গ্রামীণফোন আনল ‘জিপি শিল্ড’

সেজন্য কোনো অ্যাপ ইনস্টল বা ডাউনলোড করতে হবে না। ডিভাইস স্টোরেজ ব্যভহার না করেই ‘রিয়েল-টাইম সাইবার সুরক্ষা’ দেবে‘জিপি শিল্ড’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 10:05 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

‘অনলাইন হুমকি’ থেকে সুরক্ষা দিতে গ্রামীণফোন ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য চালু করেছে ‘জিপি শিল্ড’। 

বুধবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশে ডিজিটাল জীবনধারার প্রসারের সাথে সাথে ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্রমশ ক্ষতিকর লিংক, ডেটা চুরি ও অনলাইন প্রতারণার ঝুঁকির মুখে পড়ছে। গ্রামীণফোনের নেটওয়ার্কে সিসকোর সেরা থ্রেট ইন্টেলিজেন্স যুক্ত করে এই ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করবে জিপি শিল্ড।” 

সেজন্য কোনো অ্যাপ ইনস্টল বা ডাউনলোড করতে হবে না। ডিভাইস স্টোরেজ ব্যভহার না করেই ‘রিয়েল-টাইম সাইবার সুরক্ষা’ দেবে‘জিপি শিল্ড’।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোনে আমরা বিশ্বাস করি, গ্রাহকদের শক্তিশালী সংযোগ প্রদানের পাশাপাশি তাদের জন্য নিরাপদ অনলাইন নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ। গ্রাহকরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন জিপি শিল্ড সেই আস্থা রক্ষারই প্রতিফলন। 

“তাই নিরাপত্তাকে ব্রাউজিং অভিজ্ঞতার অংশ হিসেবে গণ্য করেছি আমরা। আমরা চাই সিসকোর বৈশ্বিক দক্ষতা এবং গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্কের সমন্বয়ে প্রতিটি গ্রাহক যেন আত্মবিশ্বাসের সাথে অনলাইনে অনুসন্ধান, শিক্ষা গ্রহণ ও যুক্ত থাকতে পারেন।”

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ বলেন, “ডিজিটাল অগ্রগতি ও ডিজিটাল নিরাপত্তা পাশাপাশি চলা উচিত। ’জিপি শিল্ড’ আমাদের দায়িত্বের পরিধিকে কেবল সংযোগের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না, বরং তা সুরক্ষা ও আস্থার দিকে সম্প্রসারিত করছে। 

“এটি ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে নিরাপদ করে তুলবে যাতে ক্ষতিকর লিংকগুলো ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগেই বন্ধ হয়ে যায়। এটি বাংলাদেশের নাগরিক ও ব্যবসায়ীদের আত্মবিশ্বাসের সাথে ডিজিটাল জগতে এগিয়ে যেতে সহায়তা করবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিপি শিল্ড' এর লক্ষ্য হচ্ছে গ্রামীণফোনের নেটওয়ার্কে সাইবার সুরক্ষা নিশ্চিত করা। সেই লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা ক্যাম্পেইনটির বার্তা হচ্ছে ‘প্রবেশ নিষিদ্ধ: আপনার নয়, ক্ষতিকর ভাইরাস ও ভুয়া লিংকের’, যা ডিজিটাল অভিজ্ঞতা সুরক্ষায় গ্রামীণফোনের প্রতিরোধমূলক উদ্যোগের প্রতিফলন।