নগদের দায়িত্বে ডাক অধিদপ্তর
এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নগদের প্রধান কার্যালয় ও সংশ্লিষ্ট সব স্থানে সরেজমিন উপস্থিত হয়ে প্রতিবেদন দাখিলে একটি কমিটি করা হয়েছে।
মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদের দায়িত্ব নিয়েছে ডাক অধিদপ্তর।
প্রশাসক নিয়োগের ওপর আদালতের স্থগিতাদেশ থাকায় অধিদপ্তর নগদ পরিচালনার দায়িত্ব নিয়েছে বলে বৃহস্পতিবার এ কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নগদের প্রধান কার্যালয় এবং সংশ্লিষ্ট সব স্থানে সরেজমিন উপস্থিত হয়ে সময়ে সময়ে প্রতিবেদন দাখিল করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আট সদস্যের এ কমিটির প্রধান করা হয়েছে ডাক অধিদপ্তরের পরিচালক আবু তালেবকে।
অন্যরা হলেন- ডাক অধিদপ্তরের আরেক পরিচালক মো. আমিনুর রহমান, পোস্টাল অ্যাটাচি এস এম ওয়াদুদুল ইসলাম, প্রোগ্রামার মো. মনিরুজ্জামান, ডিপিএমজি সঞ্জিত চন্দ্র পণ্ডিত, মো. সাহেদুজ্জামান সরকার, খন্দকার শাহনুর সাব্বির ও এ কে এম মনিরুজ্জামান।
