২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিটেন্স বৃদ্ধিতে ‘অবদান রাখায়’ ৪৫ জনকে ব্র্যাক ব্যাংকের সম্মাননা

দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই ‘প্রবাসী পরিবার’ ও ‘তারা প্রবাসী পরিবার’ হিসাব খোলা যাচ্ছে, বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 06:15 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

রেমিটেন্স বৃদ্ধিতে ভূমিকা রাখায় এবং প্রবাসী ব্যাংকিং গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও বিশেষায়িত সেবার প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে সেরা ৪৫ কর্মীকে সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক।

‘প্রবাসী পরিবার’ ও ‘তারা প্রবাসী পরিবার’ অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্পেইনের পারফর্মেন্সের ভিত্তিতে পুরস্কার বিজয়ীদের মধ্যে ব্রাঞ্চ কর্মী, এজেন্ট ব্যাংকিং টিম, সেলস টিম এবং এজেন্ট ব্যাংকিং পার্টনাররা রয়েছেন।

সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর তারেক রেফাত উল্লাহ খান পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এমন উদ্যোগের লক্ষ্য হিসেবে ব্যাংটির দাবি, তারা প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোয় উৎসাহ দিতে চায়। পাশাপাশি রেমিটেন্স সুবিধাভোগী পরিবারকে সঞ্চয় ও দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও এই উদ্যোগের উদ্দেশ্য।

তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমরা দেশের প্রবাসী আয় বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সহকর্মীরা বৈধ চ্যানেলে প্রবাসী আয় নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। এই পুরস্কারের মাধ্যমে সহকর্মীদের প্রচেষ্টার স্বীকৃতি দেওয়া হলো।”

রেমিটেন্স সুবিধাভোগী পরিবারের সদস্যদের ‘নিরাপদ ও আকর্ষণীয়’ ব্যাংকিং সেবা দিতে ব্র্যাক ব্যাংক ‘প্রবাসী পরিবার’ এবং ‘তারা প্রবাসী পরিবার’ অ্যাকাউন্ট সেবা চালু করেছে। 

ক্যাম্পেইন চলাকালীন যেসব গ্রাহক এসব অ্যাকাউন্ট খুলে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স নিয়েছিলেন, তাদেরকে উপহার দেওয়া হয়েছে।

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল অনবোর্ডিং প্ল্যাটফর্মের (ই-কেওয়াইসি) মাধ্যমে এখন গ্রাহকরা দেশের যেকোনো প্রান্ত থেকে খুব সহজে এসব হিসাব খুলতে পারছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।