৪০ তলা ভবন হস্তান্তর করল শান্তা হোল্ডিংস
“ভবনটি লিড প্লাটিনাম স্বীকৃত, যা বিশ্বব্যাপী পরিবেশবান্ধব স্থাপনার সর্বোচ্চ মান হিসেবে বিবেচিত,” বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
দেশে প্রথমবারের মতো ৪০ তলা ভবন নির্মাণ করে সেটা হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস।
ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত প্রায় ৫০০ ফুট উচ্চতার ভবনটি দেশের প্রথম পূর্ণাঙ্গ স্কাইস্ক্র্যাপার বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।
শনিবার ‘শান্তা পিনাকল’ প্রকল্পটি আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পরিচালনা পর্ষদের সদস্য, কর্মকর্তা, ভূমি মালিক ও গ্রাহকদের পাশাপাশি ভবনটির স্থপতি এহসান খান উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পিনাকল’ প্রকল্পের সফল নির্মাণ সমাপ্তি টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নতুন উদাহরণ স্থাপন করেছে। ভবনটি লিড প্লাটিনাম স্বীকৃত, যা বিশ্বব্যাপী পরিবেশবান্ধব স্থাপনার সর্বোচ্চ মান হিসেবে বিবেচিত।
একই সঙ্গে এটি এনএফপিএর আধুনিক অগ্নি-নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে নির্মিত হয়েছে। এর কাঠামোগত নকশা ভবনটিকে ভূমিকম্প সহনশীলতার দিক থেকে আরও শক্তিশালী করেছে।
