Published : 02 May 2026, 10:58 PM
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) চারটি বিভাগ আন্তর্জাতিক ‘অ্যাক্রেডিটেশন’ পেয়েছে।
‘বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন’ (বিএইটিই) এ স্বীকৃতি দিয়েছে বলে শনিবার বিশ্ববিদ্যালয়টির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
স্বীকৃতি পাওয়া বিভাগ হলো— ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আগামী ৬ বছরের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, এবারে মোট চারটি বিভাগ অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছিল। চারটি প্রোগ্রামই সফলভাবে স্বীকৃতি অর্জন করেছে।
“দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আইইউবিএটি প্রথমবারের মতো একসঙ্গে সকল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এই অ্যাক্রেডিটেশন অর্জনের ফলে সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে স্বীকৃতি পেয়েছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়তি গ্রহণযোগ্যতা পাবে, স্কলারশিপ অর্জনের সুযোগ বৃদ্ধি পাবে এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি হবে। পাশাপাশি কারিকুলাম ও শিক্ষার মান নিয়মিত পর্যবেক্ষণের আওতায় থাকায় সার্বিক মানোন্নয়নও নিশ্চিত হবে।”