২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: শনাক্ত ৩১৩, মৃত্যু একজনের

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৭১ শতাংশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 04:31 PM

Updated : 06 Sep 2022, 06:36 PM

দেশে টানা দ্বিতীয় দিনের মত তিনশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে; করোনাভাইরাসে মারা গেছেন আরও একজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬২টি নমুনা পরীক্ষা করে ৩১৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৭১ শতাংশ।

এক মাস পর সোমবার এক দিনে ৩৩৩ বেশি কোভিড রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৬ দশমিক ৬৮ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৯৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন।

গত এক দিনে যে ৩৩৩ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাদের মধ্যে ২৭৫ জনই ঢাকা বিভাগের। গত একদিনে দেশের ৩৭টি জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

গত একদিনে মারা যাওয়া ব্যক্তি ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। পঞ্চাশোর্ধ ওই পুরুষ একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৩ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬০ কোটি ৫৬ লাখের বেশি।