২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: এক দিনে শনাক্ত ২৩০

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৩ শতাংশে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 06:01 PM

Updated : 04 Sep 2022, 07:33 PM

দেশে গত এক দিনে ২৩০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও এক জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৬৯টি নমুনা পরীক্ষা করে এই ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৩ শতাংশে। নমুনা পরীক্ষা কম হওয়ায় আগের দিন শনাক্তের হার ৬ দশমিক ৫১ শতাংশে উঠেছিল।

শনিবার দেশে ১৫৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল একজনের। সেই হিসাবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১২ হাজার ৭৬১ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩২৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৯৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৭ হাজার ২৭১ জন।

গত একদিনে যে ২৩০ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাদের মধ্যে ১৯৮ জনই ঢাকা বিভাগের। গত একদিনে দেশের ৫০টি জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। পুরো খুলনা বিভাগে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

গত একদিনে যিনি মারা গেছেন তিনি ছিলেন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। সত্তরোর্ধ্ব ওই পুরুষ ব্যক্তি একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৪ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬০ কোটি ৪১ লাখের বেশি।