কোভিড: শনাক্ত ১৮৫, মৃত্যু ১ জনের
দিনে শনাক্তের হার সামান্য বেড়ে ৫ দশমিক ৭০ শতাংশ হয়েছে।
দেশে এক দিনে আরও ১৮৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; এ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও একজনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করে ১৮৫ জন রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার সামান্য বেড়ে ৫ দশমিক ৭০ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ৪ দশমিক ৬৫ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৪ হাজার ৫৩৩ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১৬ জনে।
গত ২৪ ঘণ্টায় ৩৭২ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
