ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাফেটেরিয়া
এতে একসঙ্গে ৫০০ জনের খাবার গ্রহণ এবং দিনে ১০ হাজার জনের খাবার রান্না করা যাবে।
বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বড় আকারের ক্যাফেটেরিয়া উদ্বোধন করা হয়েছে।
ঢাকার আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে নবনির্মিত এ ক্যাফেটেরিয়ারে একসঙ্গে ৫০০ জনের খাবার গ্রহণ এবং দিনে ১০ হাজার জনের খাবার রান্না করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সোমবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন সৈয়দ মঞ্জুর এলাহী এটির উদ্বোধন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এইচ এন আশিকুর রহমান এমপি এবং উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান উপস্থিত ছিলেন।
এসময় ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, প্রধান প্রকৌশলী, রেজিস্ট্রার এবং বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের উন্নত ও টাটকা খাবার পরিবেশন করতে ক্যাম্পাসে এ ক্যাফেটেরিয়া নির্মাণ করা হয়েছে। এতে আধুনিক লাইটিং, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপণ ব্যবস্থা রয়েছে।
