২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি অর্ণব, সম্পাদক অমর্ত্য

তবে অর্ণব-অমর্ত্যর এ কমিটি ছাত্র ইউনিয়নের নজির আমিন চৌধুরী ও রাগীব নাঈমের নেতৃত্বাধীন একাংশের বলে খোঁজ নিয়ে জানা যায়।

জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি অর্ণব, সম্পাদক অমর্ত্য

ইমতিয়াজ অর্ণব ও অমর্ত্য রায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2022, 09:01 PM

Updated : 17 Sep 2022, 09:44 PM

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটির সভাপতি ফারুক ইমতিয়াজ অর্ণব ও সম্পাদক অমর্ত্য রায়।

শুক্রবার রাতে সংগঠনটির ৩১তম সম্মেলনের পর নতুন এ কমিটি করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আলিফ মাহমুদকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়ার কথাও জানায় সংগঠনটি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ‘গুলিবিদ্ধ গান একদিন ঠিকই কেড়ে নিবে স্বৈরাচারের প্রাণ’ স্লোগানে ৩১তম সম্মেলনের উদ্বোধন করেন চা শ্রমিক কৃষ্ণ দাস অলমিক ও সত্যজিৎ ওরাঙ।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি নুসরাত তুবা, ফাহিম মুকাররব, তুষার ধর; সহকারী সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী, কোষাধ্যক্ষ এএস সৈকত, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান হৃদয়, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাবেয়া বসরী তাপস্বী, স্কুলছাত্রবিষয়ক সম্পাদক অর্নব আদিত্য রাহি, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান রাব্বি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশাদ উল সাবেরিন, সাংস্কৃতিক সম্পাদক আশফার রহমান নবীন, ক্রীড়া সম্পাদক নাবিলা খায়ের, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিয়া মুন।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে তাসবিবুল গনি নিলয়, রিফাত খান অনিক, সিয়াম করিম, সীমান্ত বর্ধন, ওমর স্বাধীন, ঐন্দ্রিলা মজুমদার অর্না, রাগিব নিহাল তন্ময়, মাহিসুন রাশতি ও আগের কমিটির সভাপতি রাকিবুল রনিকে রাখা হয়েছে।

এদিকে, খোঁজ নিয়ে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্ণব-অমর্ত্যর এ কমিটি ছাত্র ইউনিয়নের নজির আমিন চৌধুরী ও রাগীব নাঈমের নেতৃত্বাধীন একাংশের।

ফলে নতুন এ কমিটির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংগঠনটির আরেক অংশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল।

তিনি বলেন, “জাবি সংসদ গঠনতন্ত্রের বিরুদ্ধে গিয়ে এ কমিটি ঘোষণা করেছে। গঠনতন্ত্রের বিরোধীতা করায় এবং কেন্দ্রীয় কমিটিকে অমান্য করায় জাবি সংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

শিগগিরই জাহাঙ্গীরনগরে কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে কমিটি দেওয়ার কথাও জানান দীপক।

আর নতুন সাধারণ সম্পাদক অমর্ত্য রায়ের দাবি করেছেন, কেন্দ্রীয় কমিটিকে সঙ্গে নিয়ে গঠনতন্ত্র মেনেই এ কমিটি হয়েছে।