১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কানাডার ভিসা না পেয়ে সিম্পোজিয়ামে অনলাইনে যোগ দিলেন ঢাবি ভিসি

তার ভিসা না হওয়া নিয়ে অপব্যাখ্যা চলছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আখতারুজ্জামান।

কানাডার ভিসা না পেয়ে সিম্পোজিয়ামে অনলাইনে যোগ দিলেন ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 08:25 PM

Updated : 19 Jul 2023, 08:25 PM

ঢাকায় কানাডার হাই কমিশনে আবেদন জমা দেওয়ার পর মাস গড়ালেও ভিসা পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

ফলে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক সিম্পোজিয়ামে সরাসরি যোগ দিতে পারেননি তিনি। অনলাইনে তিনি যুক্ত হন বলে জানিয়েছেন।

গত ১৫ জুন ভিসার জন্য আবেদন করেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এর এক মাস পেরিয়ে গেলেও তার ভিসা এখনও ‘প্রসেসিং’ দেখাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

দ্য অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ) ও কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির যৌথ আয়োজনে সিম্পোজিয়ামটি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যোগদানের জন্য গত সোমবার ঢাকা ছাড়ার কথা ছিল তার। ভিসা বিলম্বের কারণে অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না জানিয়ে ১৪ জুলাই কানাডা সফর বাতিল করেন উপচার্য।

এ বিষয়ে অধ্যাপক আখতারুজ্জামান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মিটিংটা ছিল গতকাল (মঙ্গলবার)। ১৬ তারিখে আমাকে ফ্লাই করতে হত। কিন্তু অনলাইনে ভিসা প্রক্রিয়াধীন দেখাচ্ছে। তাই সফরটি বাতিল করতে হল।

“তবে আমি অনলাইনে যুক্ত হয়েছি মিটিংয়ে। তারা (আয়োজক কমিটি) দুঃখ প্রকাশ করেছে।”

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কূটনৈতিক পাসপোর্টের অধিকারী হয়েও ‘ভিসা না পাওয়ায়’ বিশ্ববিদ্যালয়ে আলোচনা শুরু হয়েছে।

এ নিয়ে উপাচার্য আখতারুজ্জামান বলেন, “অনেক দুষ্ট ও অশুভ লোক নানাভাবে এটার অপব্যাখ্যা দিচ্ছে। এত সবকিছু আমলে নেওয়ার দরকার নেই আমাদের। ভিসা প্রসেসিংয়ে আছে।”

কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে এসিইউওভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষাবিদ, বিশেষজ্ঞদের নিয়ে দিনব্যাপী ‘দ্য এসিইউ কানাডা সিম্পোজিয়াম ২০২৩’- এ নিতে এই আমন্ত্রণ জানানো হয়।

এতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) অন্তর্ভূক্তিমূলক প্রেক্ষাপটে বিভিন্ন বৈষম্য এবং বিশ্ববিদ্যালয়গুলো বৈষম্য কীভাবে মোকাবেলা করছে, কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে- সে বিষয়ে অভিজ্ঞতা উপস্থাপন ও আলোচনার সুযোগ থাকে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার ও অন্তর্ভূক্তি, সামাজিক প্রভাব ও বৈশ্বিক সমস্যা মোকাবেলায় উচ্চশিক্ষা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- সে বিষয়ে আলোচনা হয় সিম্পোজিয়ামে।