Published : 02 Jan 2024, 10:09 PM
শিক্ষকদের দক্ষ করতে ‘কোডিং ফর অল’ কর্মসূচির আওতায় ১০ শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-আইইউবি।
পাইথন প্রোগ্রামিং কোর্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, গণস্বাস্থ্য ও ফার্মেসি, এবং প্রাণ ও পরিবেশ বিজ্ঞান অনুষদের ১০ শিক্ষককে এ প্রশিক্ষণ দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইইউবি জানিয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কগনিটিভ স্কিল এনহান্সমেন্টের কম্পিউটার ল্যাবে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন ‘কোডিং ফর অল’ ধারণার প্রবক্তা উপাচার্য তানভীর হাসান।
তিনি বলেন, “আইইউবির ‘কোডিং ফর অল’ কর্মসূচিটি বাংলাদেশে অনন্য। এর আওতায় আইইউবির প্রতিটি শিক্ষার্থীর জন্য কম্পিউটার প্রোগ্রামিং শেখা বাধ্যতামূলক করা হয়েছে, তা সে বিষয়েই পড়াশোনা করুক না কেন।
“দ্রুতগতির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে চতুর্থ শিল্পবিপ্লবের পূর্ণাঙ্গ সুফল পেতে হলে প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। আমরা শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আগ্রহী করে তোলার চেষ্টা করছি।”