২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আগামী ১৯ নভেম্বর

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আগামী ১৯ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অপরাজেয় বাংলা ভাস্কর্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 10:07 PM

Updated : 07 Sep 2022, 10:07 PM

মহামারীর কারণে প্রায় তিন বছর বিরতির পর সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল।

বুধবার উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ঢাবি সিন্ডিকেটের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৯ ডিসেম্বর। সেখানে ২০ হাজার ৭৯৬ জন গ্র্যাজুয়েট, ৭৯ জন কৃতি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক, ৫৭ জনকে পিএইচডি, ৬ জনকে ডিবিএ এবং ১৪ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়।

৫২তম সমাবর্তন শেষে গত তিন বছরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার অধিভুক্ত-উপাদানকল্প প্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তারা এই সমাবর্তনে অংশ নিতে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজকের সভায় সমাবর্তনের তারিখ ও বক্তা নির্ধারণ করা হয়েছে। সমাবর্তনের আবেদনের সময়সীমা, নিয়ামবলী এবং কারা অংশগ্রহণ করতে পারবেন, এ সম্পর্কে দুয়েক দিনের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

“করোনাভাইরাস মহামারীর কারণে দুই-তিন বছর সমাবর্তন করতে পারেনি বিশ্ববিদ্যালয়। এ সময় যারা ডিগ্রি সম্পন্ন করেছেন, তারা এই সমাবর্তনের জন্য আবেদন করতে পারবেন।”

ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সিন্ডিকেট সভায় উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা অংশ নেন।