১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাবির সুইমিং পুলে শিক্ষার্থীর মৃত্যু: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সুইমিং পুলের ব্যবস্থাপনায় কোনো অবহেলা বা ত্রুটি আছে কী না, তা চিহ্নিত করে তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2024, 02:47 PM

Updated : 23 Apr 2024, 02:47 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সুইমিং পুলের ব্যবস্থাপনায় কোনো অবহেলা বা ত্রুটি আছে কী না, তা চিহ্নিত করে কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ এই কমিটি গঠন করে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার বন্ধুদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছিলেন সোহাদ। দুপুর দেড়টার দিকে সহপাঠীরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

১৯ বছর বয়সী মো. সোহাদ হক দর্শন বিভাগের প্রথম বর্ষের শ্রেণি-প্রতিনিধি (সিআর) ছিলেন। তার বাড়ি বগুড়ায়, থাকতেন বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মো. সোহাদ হকের অনাকাঙ্ক্ষিত অপমৃত্যুর কারণ চিহ্নিত করে প্রতিবেদন প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমানকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক মো. আব্দুল মুহিতকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।“

Image

মো. সোহাদ হক

কমিটির অন্য সদস্যরা হলেন- দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরিফ উল ইসলাম এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষক মো. জসিম উদ্দিন।

সোহাদের মৃত্যুর ঘটনা বর্ণনা করে তার বন্ধু ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমরা কয়েকজন বন্ধু মিলে সুইমিং পুলে সাঁতার কাটতেছিলাম। সাঁতারের এক পর্যায়ে ও মাঝখানে চলে যায়।

“সেখানে ডুবে গেলে আমরা তাকে টেনে তুলে আনি এবং পেটে চাপ দিলে কিছুটা পানি বের হয়ে আসে। সাথে সাথে ওকে রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”

পুরনো খবর:

পুরানো খবর:

ঢাবির সুইমিং পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু