২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছাত্রশিবির সংশ্লিষ্টতার’ অভিযোগে ঢাবিতে ছাত্রদল নেতা বহিষ্কার

“শিবিরের গানে মডেলিং করেছে, এমন ভিডিও থেকে বিষয়টি সামনে আসে। এরপর তাকে বহিষ্কার করা হয়,” বলেন ছাত্রদলের এক নেতা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 09:24 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে 'সংশ্লিষ্টতার' অভিযোগে ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কার হওয়া শরীফ উদ্দিন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'তিনি ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত। শিবিরের গানের সঙ্গে মডেলিং করেছে, এমন ভিডিও থেকে বিষয়টি সামনে আসে। এরপর তাকে বহিষ্কার করা হয়।”

বিজ্ঞপ্তিতে ছাত্রদল বলছে, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। তারা ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দিয়েছেন।

এ বিষয়ে কথা বলতে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে একাধিক ফোন করেও সাড়া পাওয়া যায়নি।