উন্নয়ন হচ্ছে, কিন্তু প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ মিলছে না: সৈয়দ আনোয়ার
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, " বৈষম্য রেখে উন্নয়ন হয় না।”
বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নয়নের ব্যাপক সাফল্য দেখা গেলেও প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ মিলছে না বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।
তিনি বলেন, “শেখ হাসিনা দেশে ফেরার কারণে অনেক কিছু হয়েছে। এই দেশটাকে বিশ্বের দরবারে উন্নত মর্যাদার দেশ হিসেবে পেয়েছি। কিন্তু প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ এখনো মেলানো যাচ্ছে না।…কারণ বৈষম্য রেখে উন্নয়ন হয় না।”
শুক্রবার বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
'শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়ন' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করেছে এডুকেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “শেখ হাসিনা দেশে ফিরে এসে স্বদেশকে ফিরিয়ে এনেছেন। স্বদেশ তো ছিনতাই হয়ে গিয়েছিল। অবৈধ দুটি দলের কারণে স্বদেশ ছিনতাই হয়ে গিয়েছিল, যারা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোনো সময় সম্পৃক্ত ছিল না।”
দেশে উন্নয়ন হলেও 'বৈষম্য বিরাজ করছে' উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক এই অধ্যাপক বলেন, “বঙ্গবন্ধু ১৯৭২ সালের ৯ মে রাজশাহীতে বলেছিলেন, ‘আমি কী চাই’। একথা তিনি পাঁচ বার বলেছিলেন। সামগ্রিকভাবে একটি কথাই ছিল তার যে, বাংলার মানুষ খেতে পারবে, ঘুরতে পারবে, মুক্ত হাওয়ায় বসবাস করবে, প্রাণ খুলে হাসতে পারবে।”
আমরা কি এখন হাসতে পারি এমন প্রশ্ন তুলে তিনি বলেন, “আমি বাজারে গেলে বাজার করতে পারি না কেন? ওষুধ কিনতে পারি না কেন? কারণ বৈষম্য। এদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান তথ্য-উপাত্ত দিয়ে বলেছেন, ৮০ ভাগ বৈষম্য। বাজেটে বৈষম্য কমানোর কোনো উদ্যোগ নাই।”
তিনি বলেন, “আমি সব সময় একটি কথাই বলি, আমার সেনাপতি ঠিক আছে। কারণ তিনি বঙ্গবন্ধুর কন্যা। সৈন্য-সামন্ত ঠিক নাই। সৈন্য সামন্ত যদি ঠিক না থাকে, তাহলে যুদ্ধ করা যায় না।
“এই যে এত উন্নয়ন হয়েছে। কিন্তু মানুষের কী উপকার হয়েছে? এক্সপ্রেসওয়েতে কি গাড়ি ছাড়া সাধারণ মানুষ উঠতে পারবে? এক্সপ্রেসওয়ে কেন করা হল? এক্সপ্রেসওয়ে তো দরকার নাই। এদেশটাকে বাসযোগ্য করা দরকার।”
জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার একটাই দাবি, সংবিধানের ৭ (১) ধারা অনুযায়ী বঙ্গবন্ধুর ইচ্ছা অনুযায়ী এদেশ তৈরি হোক। বঙ্গবন্ধু পথ দেখিয়ে গেছেন, সেই পথে শেখ হাসিনা হাঁটার চেষ্টা করছেন। কতটুকু হাঁটতে পারছেন সেটা বিবেচ্য।”
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ( বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, “যোগযোগ্য ব্যবস্থায় এই সরকারের সাফল্য সবচেয়ে বেশি। শুধু সড়কে উন্নয়ন না, রেললাইনে ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু রেললাইনকে গুরুত্ব দিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যাও রেললাইনে ব্যাপক উন্নয়ন করছেন। সব প্রজেক্টের কাজ শেষ হলে ধীরে ধীরে দেশের ৬০ টি জেলা রেল যোগাযোগের আওতায় আসবে৷"
আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে বলেন, “বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার সবকিছু নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে কোথায় উঠবেন, তার নিশ্চয়তা ছিল না। কিন্তু তিনি বিশ্বাস করতেন বাঙালি তার সঙ্গে আছে। আমরা দেখেছি শেখ হাসিনা যখন দেশে ফিরলেন বাধ-ভাঙ্গা জোয়ারের মতো মানুষ তার মিছিলে যোগ দিলেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ( শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, “৬ বছরের নির্বাসিত জীবন শেষে প্রধানমন্ত্রী অনুভব করেছিলেন, তার বাংলাদেশে ফিরতে হবে। তার সমমনা মানুষগুলো নির্যাতিত হচ্ছে। ১৯৮১ সালের ১৭ মে তিনি ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন। নিপীড়িত মানুষকে উদ্ধার করার জন্য তিনি দেশে চলে আসলেন।
“তারপর তিনি দেশের মানুষকে সঙ্গে করে নিয়ে তিনি এগিয়ে গেলেন। ...। তিনি বাংলাদেশকে ডিজিটালে রূপান্তরিত করে আজকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিচ্ছেন।”
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমানও বক্তব্য দেন।
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।
