২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ বছর পর ঢাবিতে ‘রুমি সম্মেলন’

দেশে সবশেষ আন্তর্জাতিক রুমি সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৬ সালে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 07:47 PM

Updated : 02 Sep 2022, 07:58 PM

ভারত, ইরান, তুরস্কসহ সাত দেশের শিক্ষাবিদ ও গবেষকদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক রুমি সম্মেলন’ শুরু হচ্ছে শনিবার।

বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শতবর্ষপূর্তি উপলক্ষে সিনেট অডিটোরিয়ামে এ আয়োজনের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

‘বাংলার রুমি’ সৈয়দ আহমদুল হকের একাদশ মৃত্যুবার্ষিকী এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শতবর্ষপূর্তিকে উপজীব্য করে আল্লামা রুমি সোসাইটির সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করছে ফারসি বিভাগ।

শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এসব তথ্য তুলে ধরেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন।

তিনি বলেন, তিন দিনের এই সম্মেলেনে সম্মলনে সাতটি দেশের ২৪ জন গবেষক ৮টি অ্যাকাডেমিক সেশনে তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

রোববার বিকালে টিএসসিতে ঢাকার সমাপনী পর্ব শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কাওয়ালি ও সুফি নৃত্য পরিবেশিত হবে। সেখানে অতিথি হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এরপর ৫ সেপ্টেম্বর সৈয়দ আহমদুল হকের প্রয়াণভূমি চট্টগ্রামের ইনডিপেন্ডেন্স ইউনিভার্সিটিতে এ আয়োজনের শেষ আনুষ্ঠানিকতা সারা হবে।

“ফারসি ভাষার জগৎবিখ্যাত কবি জালাল উদ্দিন মুহাম্মদ রুমির প্রেম ও মানবতাবাদী দর্শন প্রচার করে শান্তির বার্তা প্রদানই সম্মেলনের লক্ষ্য,” বলেন অধ্যাপক বাহাউদ্দিন।

রুমি বিশ্বের সম্পদ মন্তব্য করে তিনি বলেন, “অশান্ত ও বিশৃঙ্খল মানবাত্মার জন্য প্রশান্ত হৃদয় হিসেবে রুমিকে মূল্যায়ন করা যায়। গোটা পৃথিবীতেই রুমির গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি রয়েছে। রুমির সেই মানবতাবাদী দর্শন ও আদর্শকে বাঙালি সমাজে ছড়িয়ে দেওয়ার কাজটি করেছেন বাংলার রুমি সৈয়দ আহমদুল হক।

“একাডেমিক গবেষণা, গ্রন্থ রচনা, বক্তৃতা-বিবৃতি ও সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে তিনি আধুনিক বাংলাদেশে রুমিকে উপস্থাপন করেছেন দক্ষতার সাথে। প্রেম ও প্রজ্ঞার বাহক সেই রুমি আমাদের আজকের সমাজে বড়ই প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে আল্লামা রুমি সোসাইটির কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, “সর্বশেষ ২০০৬ সালে আমরা বাংলাদেশে আন্তর্জাতিক রুমি সম্মেলন করেছি। এর পরের বছরই জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক রুমি বর্ষ পালিত হয়।

“এ সম্মেলনের মাধ্যমে আমরা সমাজের হানাহানি, অস্থিরতার বিপরীতে শান্তি ও সফলতার বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই৷ জালাল উদ্দিন রুমি ও বাংলার রুমি সৈয়দ আহমদুল হকের সর্বজনীন প্রেম ও সম্প্রীতির আদর্শকে সর্বস্তরে ছড়িয়ে দিতে চাই।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মো. মুহসীন উদ্দিন মিয়া, অধ্যাপক তারিক জিয়াউর রহমান সিরাজী।