১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ!’

ভাস্কর্য স্থাপনার দুদিন বাদে তা উধাও হওয়ার প্রতিবাদে এই ব্যানার টানানো হয়েছে।

‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ!’

গত মঙ্গলবার টিএসসির সামনে এই ভাস্কর্যটি বসিয়েছিল একদল শিক্ষার্থী; বুধবার রাতে তা উধাও হয়ে যায়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 05:46 PM

Updated : 16 Feb 2023, 05:57 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে বইয়ে পেরেক ঠুকে মুখে কুলুপ আঁটা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা যাচ্ছিল, ভাস্কর্যটির স্থানে এখন ঝুলছে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ!’ শিরোনামের এক ব্যানার।

বৃহস্পতিবার সকালে সেখানে প্রতিবাদী ভাস্কর্যটি দেখতে না পেয়ে এই ব্যানার টানিয়ে দিয়েছেন উদ্যোক্তারা।

উদ্যোক্তাদের একজন চারুকলার শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি শিমুল কুম্ভকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে ভাস্কর্যটি দেখা যাচ্ছে না। সম্ভবত ভোররাতে এটি সরিয়ে ফেলা হয়েছে।

“আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।”

Image

রবিঠাকুরের মুখ বাঁধা ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার পর প্রতিবাদে সেখানে এই ব্যানার ঝুলিয়েছেন উদ্যোক্তারা

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমরা জানার চেষ্টা করছি।”

“তবে বিশ্ববিদ্যালয় এলাকার ভেতর বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতিত একটা নান্দনিক ভাস্কর্যের সঙ্গে আরেকটা ভাস্কর্য বসিয়ে এর সৌন্দর্য নষ্ট করা হয়েছে, একই সঙ্গে বলেন তিনি।

পুরানো খবর:

টিএসসিতে রবিঠাকুরের মুখ বাঁধা ভাস্কর্য

বাংলাদেশে সাম্প্রতিক ‘সেন্সরশিপ ও নিপীড়নের’ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার বইমেলার টিএসসি সংলগ্ন প্রবেশমুখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যটি স্থাপন করেন একদল শিক্ষার্থী। ছাত্র ইউনিয়নের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা এ ভাস্কর্য নির্মাণ করে।

Image

বাক ও মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে বানানো হয় এই ভাস্কর্য, বলেছিলেন উদ্যোক্তারা

ভাস্কর্যটিতে কবিগুরুকে উপস্থাপন করা হয় ভিন্ন রূপে; তার মুখ টেপ দিয়ে বাঁধা, হাতে থাকা কাব্যগ্রন্থ গীতাঞ্জলিতে ঠুকে আছে পেরেক।

পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে ভাস্কর্যটি সেখানে রাখার ভাবনার কথা জানিয়েছিলেন উদ্যোক্তারা।