ডাকসু: ‘আমার ভোটটা গেল কোথায়’? জানতে চান এক প্রার্থী
“ব্যালট পেপার বাতিল হলে তা প্রকাশ করা উচিত। কারণ এটি বাতিল হওয়ার কথা নয়।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গণনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এক প্রার্থী। তার দেওয়া ভোট গণনার সময় ‘শুন্য’ হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় সদস্য পদের স্বতন্ত্র প্রার্থী মো. সজীব হোসেন এমন অভিযোগ করেন।
তার ভাষ্য, কার্জন হল কেন্দ্রে শহীদুল্লাহ হলের ভোটার হিসেবে তিনি কেন্দ্রীয় সংসদের প্রধান তিন পদে ভোট দেন। অথচ ওই হলের ভোটের ফল প্রকাশের সময় জিএস পদপ্রার্থী মো. সম্রাট ইসলামের ভোট শূন্য দেখানো হয়েছে।
“আমি নিজ হাতে ভোট দিলাম, আমার ভোট গেল কোথায়?”
তিনি বলেন, “ব্যালট পেপার বাতিল হলে তা প্রকাশ করা উচিত। কারণ এটি বাতিল হওয়ার কথা নয়।
“আমি আজ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম। কিন্তু সেখানে আমি কাউকে পাইনি। পরে নির্বাচন কমিশনকে ফোন দিলে সেখানেও কাউকে পাইনি।”
এবার ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ছাত্রশিবিরের এসএম ফরহাদ বিপুল ভোটে জয়ী হন। আর সম্রাট পেয়েছেন ২৪ ভোট।
এ অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার অভিযোগ শোনা হবে। কাল বিশ্ববিদ্যালয় খুললে তা খতিয়ে দেখা হবে।
