‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণের প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
স্মার্ট গ্র্যাজুয়েট তৈরিতে পঠন ও পাঠন পদ্ধতিতে পরিবর্তন আনার কথা বলেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পায়রা চত্বরে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো, বেলুন উড্ডয়ন, থিম সং পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
এর আগে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাই সদস্যদের অংশগ্রহণে স্মৃতি চিরন্তন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
পরে সকাল সাড়ে ১০টায় টিএসসি মিলনায়তনে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়' শীর্ষক আলোচনাসভা হয়।
উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সভাপতিত্বে এতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এতে তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাধ্যমিক পর্যায় থেকেই বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষাকে আরও মজবুত ও প্রসারিত করার উপর গুরুত্বারোপ করেন।
মসিউর রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতাসম্পন্ন মানবসম্পদ তৈরি করতে পারলে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। এক্ষেত্রে সামাজিক ট্রান্সফরমেশন দরকার। জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গবেষণাখাতে অর্থ বরাদ্দ বাড়ানোর কথা বলেছেন তিনি।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, সকলকে প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে।
প্রতিকূল ও বৈরী পরিবেশের পরও দক্ষতাসম্পন্ন মানবসম্পদ ও স্মার্ট গ্র্যাজুয়েট তৈরির ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্মার্ট গ্র্যাজুয়েট তৈরিতে পঠন ও পাঠন পদ্ধতিতে পরিবর্তন আনার কথাও বলেন উপাচার্য।
রেজিস্টার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব সুভাষ সিংহ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বক্তব্য দেন।
