২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের ‘নিরপরাধ’ কাউকে হয়রানি না করার আহ্বান

‘নিরপরাধ’ কেউ হয়রানির শিকার হলে প্রক্টর অফিসে জানাতে বলা হয়েছে।

জগন্নাথের ‘নিরপরাধ’ কাউকে হয়রানি না করার আহ্বান
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2024, 05:23 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আইনশৃঙ্খলা বিনষ্ট ও সহিংসতার অভিযোগে ‘নিরপরাধ’ কোনো শিক্ষার্থীকে হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

‘নিরপরাধ’ কেউ হয়রানির শিকার হলে ভুক্তভোগীকে বিষয়টি প্রক্টর অফিসে জানাতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ওই শিক্ষার্থীকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিষয়ে যথেষ্ট সচেতন। কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, সেজন্য তারা যেন আমাদের অবগত করেন। আমরা প্রক্টর অফিসের পক্ষ থেকে তাদের যথাসম্ভব সহযোগিতা করব।”

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাই মাসের প্রথমে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন মাসের মাঝামাঝি থেকে সহিংস রূপ নেয়। সারা দেশে ব্যাপক সংঘাতের মধ্যে ১৮ জুলাই বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার ঘটনা ঘটে।  

এই আন্দোলন ঘিরে সংঘাতের মধ্যে এক সপ্তাহে দুই শতাধিক মানুষের মৃত্যুর খবর এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে সরকারি হিসেবে নিহতের সংখ্যা ১৪৭। 

আন্দোলনের মধ্যে সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলার ঘটনায় ঢাকা মহানগর বিভিন্ন থানায় দুইশরও বেশি মামলা হয়েছে। এসব মামলায় আড়াই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।