ফের এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাভেদ
চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি এনএসইউতে ‘এআই ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন জাভেদ মুনির আহমেদ।
এনএসইউ ট্রাস্টের ১৩তম বার্ষিক সাধারণ সভায় তাকে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত করা হয় বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
২০২২ সালের ১৬ অগাস্টে পুনর্গঠিত এনএসইউ বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন তিনি; ২০২৪-২০২৫ নতুন মেয়াদে এখন দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এপ্রোসফট কনসাল্টিং অ্যান্ড ট্রেনিং করপোরেশন লিমিটেডের’ প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক জাভেদ তথ্য ও প্রযুক্তি শিল্পে সাড়ে তিন দশকের বেশি সময় কাজ করেছেন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি এনএসইউতে গবেষণার মান বাড়ানোর ওপর জোর দিয়ে ‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’ (এআই) ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব করেন।
যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৯০ সালে সফটওয়্যার প্রকৌশলী হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে বাংলাদেশে গড়ে তোলেন ‘এপ্রোসফটের’ অফিস। তার বাবা মুসলেহউদ্দিন আহমেদ ১৯৯২ সালে এনএসইউ প্রতিষ্ঠাতা করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বিজ্ঞপ্তিতে বলেন, “জাভেদ মুনির আহমেদকে চেয়ারম্যান হিসেবে বিশ্ববিদ্যালয়ে শক্তিশালী ও ইতিবাচক প্রভাব তৈরি করতে দেখেছি। আমরা তার নেতৃত্বে এনএসইউর প্রবৃদ্ধি ও উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করি।”
