চাকসু: কথা বলার সুযোগ না দেওয়ার অভিযোগে সভা বর্জন ছাত্রদলের
“মতবিনিময় সভা ডাকা হয়েছে শিক্ষার্থীদের কথা শোনার জন্য। সেখানে প্রশাসন খুবই কম কথা বলার সুযোগ দিচ্ছিল,” বলেন সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ।
কথা বলার সুযোগ না দেওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ডাকা মতবিনিময় সভা বর্জন করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে বিশ্বদ্যিালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে চাকসু ভোটের খসড়া আচরণবিধি নিয়ে এ সভা আয়োজন করে নির্বাচন কমিশন।
এতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। শুরুতেই খসড়া আচরণবিধি তুলে ধরেন নির্বাচন কমিশনার আমির মোহাম্মদ নসরুল্লাহ।
সভায় ছাত্রদল ছাড়াও ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ আচরণবিধি নিয়ে আলোচনার সুযোগ না দেওয়ার অভিযোগ তুলে বেলা দেড়টার দিকে মিলনায়তন ত্যাগ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিনিধিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন বলেন, মতবিনিময় সভা ডাকা হয়েছে শিক্ষার্থীদের কথা শোনার জন্য। সেখানে প্রশাসন খুবই কম কথা বলার সুযোগ দিচ্ছিল। সভায় আচরণবিধি নিয়ে সবার মতামত শুনতে হয়। তারপর এটা চূড়ান্ত করা হয়।
“নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কম কথা বলতে দিয়ে তাড়াহুড়ো করে সভা শেষ করতে চাইছিল। কথা বলার পর্যাপ্ত সুযোগ না পেয়ে আমরা প্রতিবাদ হিসেবে সভা বর্জন করেছি।”
ছাত্রদলের এ নেতা বলেন, চবি প্রশাসনের ওপর শিক্ষার্থীরা আস্থা হারিয়েছে। গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের পর প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
মতবিনিময় সভায় ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
অনশন দ্বিতীয় দিনে
এদিকে নিরাপদ ক্যাম্পাস, প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দাবিতে বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থীর আমরণ অনশন দ্বিতীয় দিনে গড়িয়েছে।
অনশকারী শিক্ষার্থী ধ্রুব বড়ুয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অনশনস্থলে এসে আলোচনার প্রস্তাব দিয়েছেন। কিন্তু প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ বিভিন্ন দাবির বিষয়ে আশ্বাস না পেলে আলোচনায় বসব না বলে আমরা উনাদের জানিয়েছি।”
সাত দফা দাবিতে বুধবার বেলা একটা থেকে প্রক্টর কার্যালয়ের সামনে তারা অনশন শুরু করেন।
অনশনকারী শিক্ষার্থীরা হলেন, বাংলা বিভাগের ওমর সমুদ্র, ধ্রুব বড়ুয়া ও সুদর্শন চাকমা, সঙ্গীত বিভাগের ঈশা দে ও জশদ জাকির, ইংরেজি বিভাগের আহমেদ মুগ্ধ ও নাইম শাহজাহান, মার্কেটিং বিভাগের সুমাইয়া শিকদার এবং স্পোর্টস সায়েন্সের রাম্রা সাইন মারমা।
