২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ‘হাসিনা কার্ড’ খেলে, আবার বন্ধুত্বও চায়: সালাহউদ্দিন

“সম্পর্ক হতে হবে পারস্পরিক মর্যাদা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 04:03 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ভারত দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ভারত একদিকে শেখ হাসিনাকে রাজনৈতিক প্লাটফর্ম দিচ্ছে, আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলছে—এই দুই বিপরীতমুখী অবস্থান একসঙ্গে চলতে পারে না।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল ও ইউট্যাব আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকারের পতনে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, “ভারতকে পরিষ্কার বুঝতে হবে যে, আপনারা হাসিনা কার্ড খেলবেন আর একইসঙ্গে বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন তা সম্ভব নয়। সম্পর্ক হতে হবে পারস্পরিক মর্যাদা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং নানা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। ভারত সরকার তাকে বারবার মিটিং ও কথা বলার সুযোগ দিচ্ছে, যা একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশের কাছ থেকে কাম্য নয়।”

জুলাই গণঅভ্যুত্থানে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির প্রসঙ্গ টেনে এ বিএনপি নেতা, “জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশে ১৪০০-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। 

“আসমান থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশু ও নারীদের হত্যা করা হয়েছে। এমন একজন দণ্ডিত অপরাধী এবং মানবাধিকার লঙ্ঘনকারীকে ভারত কীভাবে একজন গণতান্ত্রিক নেতা হিসেবে আশ্রয় ও প্রশ্রয় দেয়, সেই প্রশ্ন বাংলাদেশের মানুষের।”

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের মধ্যে ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হয়েছিলেন সালাহউদ্দিন। তখন তিনি যুগ্ম মহাসচিব হিসেবে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন।

নিখোঁজের ৬৩ দিন পর ওই বছরের ১১ মে মেঘালয়ের শিলংয়ের পুলিশ উদ্ভ্রান্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভারতে প্রবেশ করলেও তার কোনো বৈধ কাগজপত্র সেসময় মেঘালয় পুলিশ না পাওয়ায় ফরেনার্স অ্যাক্টে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখায়। 

সেই মামলায় সেখানে তাকে কারাভোগও করতে হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে ফেরেন বিএনপি নেতা। 

সালাহউদ্দিন আহমদ বলেন, “শেখ হাসিনা নিজেই স্বীকার করেছিলেন যে তিনি ‘ভারতকে যা দিয়েছেন তা তারা চিরদিন মনে রাখবে’। আজ সেই প্রতিদান হিসেবেই ভারত তাকে আশ্রয় দিয়েছে।”

ভারতের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ইন্টার ডিপেন্ডেন্সি বা পারস্পরিক নির্ভরশীলতাকে সম্মান করি। তবে আমরা কখনোই আওয়ামী লীগ হব না। আমরা বাংলাদেশের স্বার্থকে সবার উপরে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চাই।” 

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ এবং শেখ হাসিনা রাজনীতি করেছেন ঢাকাকে দিল্লি বানিয়ে। তারা দেশের মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে একটি বিশেষ দেশের মদদে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। কিন্তু ২০২৪-এর গণঅভ্যুত্থান মানুষের চোখ খুলে দিয়েছে। মানুষ এখন রক্ত দিতে শিখেছে।”

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংস্কারের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “কিছু মহল বিভ্রান্তি ছড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অস্বাভাবিক দীর্ঘ করতে চেয়েছিল। তারা বলেছিল, ‘মানুষ নাকি তাদের আরও পাঁচ বছর চায়’। 

“তারা বিপ্লবী সরকারের কথা বলে সংবিধানকে পাশ কাটাতে চেয়েছিল। কিন্তু জনগণের আকাঙ্ক্ষা হলো একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর।”

রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে। আমার নেতা তারেক রহমান নির্বাচিত হয়ে শপথ নিয়েই বিরোধী দলের নেতাদের কাছে ছুটে গিয়েছেন। আমরা সংবিধানে এমন সংশোধন নিয়ে আসব, যাতে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি আর না হয়। 

“সরাসরি সংসদ সদস্য ছাড়া স্বাধীনভাবে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করবেন, সেই পদ্ধতি নিয়ে আসব আমরা। আমরা নিয়ে আসব, চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে—আপার হাউস এবং লোয়ার হাউসের মধ্যে। 

“জনগণের সার্বভৌম ক্ষমতা বলে যারা নির্বাচিত হবে, তাদের ক্ষমতাই হবে সংবিধানের মূল শক্তি।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা, শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। ২০২৪ আমাদের অনেক কিছু শিখিয়েছে। এই গণঅভ্যুত্থান মানুষের চোখ খুলে দিয়েছে। 

“ফ্যাসিবাদের প্রত্যাবর্তন এই মাটিতে আর হবে না। সবাই মিলে আমরা অপরাজনীতি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।” 

ভারতের অনুমতি ছাড়া আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে কীভাবে: রিজভী

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়া দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে কীভাবে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। 

তিনি বলেছেন, “সাম্প্রতিক দিল্লিতে একটি আওয়ামী লীগ সেখানে একটি প্রোগ্রাম করছে—সাউথ এশিয়ান জার্নালিস্ট ক্লাব বা এই টাইপের নাম। সেখানে পলাতক ফ্যাসিস্ট হাসিনা বক্তব্য দিচ্ছেন। আমরা প্রতিবাদ করেছি, সরকারও প্রতিবাদ করেছে। 

“কিন্তু তারা বললেন যে এটা সরকারের কিছু করার নেই, এটি একটি আলাদা ইয়ে। ভাই, সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে কোনো অনুষ্ঠান করতে পারে? আর সেখানে পলাতক ফ্যাসিস্ট কথা বলবে, সেখানে সরকারের কিছু নেই?” 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “বেগম খালেদা জিয়ার আইনি মামলার লড়াইয়ের জন্য লন্ডন থেকে যে লর্ড কার্লাইল এসেছিলেন, যখন তাকে ঢুকতে দিল না শেখ হাসিনা, তিনি যখন দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করতে চাইলেন, তখন তো তাকে অনুমতি দিলেন না; তখন তাকে অনুমতি দিলেন না কেন? তাহলে আজকে এটা করলেন কেন?”

রুহুল কবির রিজভী বলেন, “এখন যারা নরম সুরে কথা বলছেন, এখন যারা বলতে চাচ্ছেন শেখ হাসিনা বোধ হয় তার আমলে ভালো ছিল ইত্যাদি ইত্যাদি—আমি মনে করি যে কিছু কিছু আওয়াজ আসছে, যারা এই গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন; কোনো না কোনো কারণে তাদের মধ্য থেকে এই জিনিসটি আসছে। 

“তার একটা নমুনা বলি, কয়দিন আগে জামায়াতের আমিরের বাসায় একটি চিত্র প্রদর্শনী হয়েছে। ওখানে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ আছে, মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র আছে, জুলাই অভ্যুত্থানের চিত্র আছে। কিন্তু মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, তার কোনো ছবি নেই, তার কোনো কথা নেই, তার কোনো পোস্টার নেই! 

“এটা তো ভীষণ তাৎপর্যপূর্ণ। রহস্যজনক মনে হচ্ছে যে ঘটনা কী? ওখানে মুক্তিযুদ্ধের এক অনন্য বংশীবাদক যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তার কোনো কথা নেই, তার কোনো ছবি নেই। এটা অত্যন্ত গভীরে বিশ্লেষণ করে দেখার বিষয়।” 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খানের সভাপত্বিতে অনুষ্ঠানে ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন।