১৫ দিন বন্ধ ঢাবি: হল ছাড়ছেন অধিকাংশ শিক্ষার্থী
তবে কিছু শিক্ষার্থী হলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বোঝানোর কথা বলছেন প্রক্টর সাইফুদ্দিন আহমদ।
ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করার পর হল ছাড়ছেন অধিকাংশ শিক্ষার্থী।
রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা যায়। তবে কিছু শিক্ষার্থী হলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
হল ছাড়ার নির্দেশের পরও কেন হলে থাকছেন জানতে চাইলে বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার আগামী মাসে বেশ কয়েকটি চাকরির পরীক্ষা আছে। এখন হল ছাড়লে আমি কীভাবে প্রস্তুতি নেব? আমার তো ঢাকায় কেউ নেই।”
হাজী মুহম্মদ মুহসিন হলের আবাসিক শিক্ষার্থী কাজী নওশাদ বলেন, “ছুটিটা প্রাসঙ্গিক। তবে এখন হল ছাড়া তো সম্ভব না। আমার পরীক্ষা আছে। বাসায় গেলে পড়া হবে না। তাই, হলে থাকার সিদ্ধান্ত নিয়েছি।”
আবার যারা হল ছাড়ছেন, তাদের কয়েকজনের সঙ্গেওে কথা বলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
তাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা ‘যৌক্তিক’। সবাই যেহেতু ‘ট্রমায়’ আছে, সে কারণে এ মূহুর্তে হল বন্ধ করা ‘দরকার ছিল’।
স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী করিম আহমেদ বলেন, “কাল থেকে বারবার ভূমিকম্প হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের কী করা উচিত? তারা তো আর আজকে বা কালকে মধ্যে হল বানাতে পারবে না। হলগুলো যদি কিছুটা মেরামত করে তাও শিক্ষার্থীদের জন্য কিছুটা হলেও নিরাপদ হবে।”
যে শিক্ষার্থীরা হলে থাকতে চাইছেন, তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী সিদ্ধান্ত নিয়েছে জানতে চাইলে প্রক্টর সাইফুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি। সেটাতো শিক্ষার্থীদের বোঝা উচিত। আনন্দে তো আর বন্ধ দিইনি।আমরা আশা করি শিক্ষার্থীরা এটা বুঝবেন। আমরা তাদেরকে বোঝাব।”
শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্পের সময় ঢাকা বিশ্বাবদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের লাফিয়ে পড়ে আহত হওয়ার খবর আসে। এর মধ্যে শনিবার আরো তিন দফা ভূমিকম্পের পর আতঙ্ক আরো বাড়ে।
এ অবস্থায় শনিবার প্রথমে একদিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। পরে এক সিন্ডিকেট সভায় আতঙ্কে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়।
