২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ১১৯ কোটি টাকার বাজেট

২০১৫-১৬ অর্থবছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১১৯ কোটি টাকার বাজেট পাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 11:45 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ৩৪তম বার্ষিক সিনেট অধিবেশনে বাজেট পাশ হয় বলে বিশ্ববিদ্যালয়ের

নিবন্ধক আবু বকর সিদ্দিক জানান।  

অধিবেশনের শুরুতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের গত বছরের সামগ্রিক কর্মকাণ্ড সংক্ষেপে তুলে ধরেন।  

এরপর কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের নতুন অর্থবছরের জন্য ১১৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। বাজেট প্রস্তাবের উপর সিনেট সদস্যদের আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়।

নতুন বাজেটের ১০৬ কোটি ৫০ লাখ টাকা মঞ্জুরি কমিশন থেকে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ১২ কোটি ৫০ লাখ টাকা আসবে বলে জানান আবুল খায়ের।

বাজেট বিশ্লেষণে দেখা যায়, গেল বাজেটের চেয়ে নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে চার কোটি দশ লাখ টাকা। গত বছরের সংশোধিত বাজেট ছিল ১১৪ কোটি ৯০ লাখ টাকার।

বাজেটে অর্থের পরিমাণ বাড়লেও গবেষণা ও প্রকাশনা বাবদ বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৫৬ লাখ ৬০ হাজার টাকা, যা মোট বাজেটের মাত্র শূন্য দশমিক ৪৮ শতাংশ।

এছাড়াও ছাত্রবৃত্তি ও ফেলোশিপ বাবদ ব্যয় ধরা হয়েছে ৮৭ লাখ ১৬ হাজার টাকা।

উপাচার্য তার বক্তব্যে বলেন, “সরকার শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের যৌক্তিকতা নীতিগতভাবে গ্রহণ করলেও এ দাবি আদায় করা এখনও সম্ভব হয়নি।

“বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দসহ আমরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি যাতে শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র বেতন স্কেলের দাবি পূরণ হয়।”