২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির প্রশাসনিক ভবনে তালা

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান নিয়েছে ‘ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা’।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 12:43 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

মঙ্গলবার সকাল ১০টার দিকে তারা প্রশাসনিক ভবনে তালা দিলে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য ও উপ-উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা।পরে পুলিশ গিয়ে তাদের বের করে আনে।

উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, “তারা প্রশাসনিক ভবনের তালায় সুপার গ্লু লাগিয়ে আটকে দেয়। পরে দুপুরে পুলিশ এসে আমাদের প্রশাসনিক ভবন থেকে বের করে এনেছে।”

“তবে আন্দোলনকারীরা এখনও সেখানে অবস্থান করছে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শাহিনূর রহমান বলেন, সকাল ১০টা থেকে উপাচার্য আবদুল হাকিম সরকারসহ তাদের আটকে রাখা হয়।

“বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন পদে চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা সকালে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়ে সবাইকে অবরুদ্ধ করে রাখে।”

এদিকে সকাল থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোন পরিবহন ক্যাম্পাসে আসেনি।

ফলে ছাত্ররা আসতে না পারায় মঙ্গলবার কোনো বিভাগে ক্লাশ ও পরীক্ষা হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লোকমান হাকিম।

অভিযোগ রয়েছে, চাকরি প্রত্যাশী ছাত্রলীগের ওই সাবেক নেতাকর্মীরাই দুই জেলা থেকে পরিবহন ছাড়ার সময় বাধা দেয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচলে বাধা দেওয়ার বিষয়টি কুষ্টিয়া ও ঝিনাইদহ এই দুই জেলার পুলিশ সুপারকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান উপাচার্য।

একই দাবিতে সোমবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে সব কর্মকর্তা-কর্মচারীদের বের করে উপাচার্য কার্যালয়ে তালা দেয় চাকরি প্রত্যাশী ছাত্রলীগের এই সাবেক নেতাকর্মীরা।

ওইদিনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়ি চলাচলে বাধা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা।