২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে প্রাক্তনদের মিলনমেলা

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুর্নমিলনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 12:51 AM

Updated : 25 Apr 2022, 12:52 PM

শুক্রবারের এই মিলনমেলায় বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে শুরু করে ৩৮তম সব ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

সকাল সাড়ে ১১টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুর্নমিলনীর আহ্বায়ক ও আয়োজক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ।

পরে একটি শোভাযাত্রা মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। মুক্তমঞ্চে প্রাক্তনদের স্মৃতিচারণের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যাসহ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর প্রথম নির্বাচিত ভিপি মোর্শেদুর রহমান বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে বলেন, “আমাদের সময়ে বিশ্ববিদ্যালয়ের দুর্দশার দিন ছিল। একটি মাত্র হল ছিল, তাতে কোনো ক্যান্টিন ছিল না। সারাদিনে ঢাকায় যাওয়ার জন্য মাত্র একটা বা দু’টা বাস চলত।

“কিন্তু বর্তমানে এখানে শিক্ষার মান, আবাসিক অবস্থা, যোগাযোগ ব্যবস্থাসহ সবক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে।”

সন্ধ্যায় মুক্তমঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম যোগ দেন।

উপাচার্য এসময় সাবেক শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের আশ্বাস দেন।