চবিতে ডাকা অবরোধ স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের ডাকা লাগাতার অবরোধ একদিনের মাথায় স্থগিত করেছেন নেতারা।
শনিবার সকাল থেকে অবরোধ শুরুর পর দুপুরের দিকে তা স্থগিতের ঘোষণা দিয়ে চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক ও ভিএক্স গ্রপের নেতা জালাল আহামদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদে মিলাদুন্নবী ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
“এ সময়ের মধ্যে যদি প্রশাসন আমাদের ছয় দফা দাবি মেনে না নেয়, তবে মঙ্গলবার থেকে যথারীতি অবরোধ চলবে।”
গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়ে আসার পরপরই বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের বগিভিত্তিক দুই পক্ষ ‘সিএফসি’ ও ভিএক্স’ এর সমর্থকরা সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয় শাহ আমানত হলের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সংস্কৃত বিভাগের শিক্ষার্থী তাপস সরকার।
তাপস তাদের কর্মী ছিল বলে দাবি করে আসছে সিএফসি গ্রুপ। এরপর থেকে ক্যাম্পাস ছাড়া হয় ভিএক্স কর্মীরা।
গত ১৭ ডিসেম্বর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ভিএক্স কর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও তাপস সরকাররে ‘মূল’ হত্যাকারীদের বিচারসহ ছয় দফা দাবিতে ২১ ডিসেম্বর থেকে অবরোধের ডাক দেয় ‘ভি-এক্স’ গ্রুপ।
পরে দুই দফায় অবরোধ স্থগিতের পর শনিবার থেকে লাগাতার অবরোধ ডাকে তারা।
অবরোধের প্রথম দিনে শহর থেকে ক্যাম্পাসগামী কোনো শাটল ট্রেন চলাচল করতে পারেনি।
নগরীর ষোলশহর রেল স্টেশনের মাস্টার একেএম ফরহাদুজ্জামান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে বা ভোরের কোন একসময় স্টেশনে থাকা ট্রেনের বিভিন্ন বগির হোস পাইপ ও টুল বক্স পাইপ কেটে দিয়েছে দুর্ববৃত্তরা।
তবে সকাল থেকে ষোলশহর স্টেশনে অবরোধকারীদের কাউকে দেখা যায়নি বলে জানান রেলওয়ে পুলিশের ষোলশহর স্টেশন ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই আরব আলী।
ভিএক্সের ছয় দফা দাবি হল-মূল হত্যাকারীদের বিচার, কর্তব্যে অবহেলা করায় হাটহাজারী থানার ওসিকে অপসারণ, হত্যার মূল পরিকল্পনাকারী রাকিব-অমিত-সুমনগংকে গ্রেপ্তার, হলে ছাত্রলীগের অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা, আটক নেতাকর্মীদেরমুক্তি এবং মিথ্যা অস্ত্র ও হত্যা মামলা প্রত্যাহার।
