জাবি ছাত্রী হল: বিধি-নিষেধের প্রতিবাদে বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হলে প্রবেশের ওপর বিধি নিষেধের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ ছাত্রীরা।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের ছয়টি ছাত্রী হলের প্রায় চার শতাধিক ছাত্রী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়।
জাহানারা ইমাম হল থেকে তারা মিছিল করে পরিবহন চত্বর ও উপাচার্যের বাসভবন হয়ে শেখ হাসিনা হলের সামনে সমাবেশে মিলিত হন।
দাবি পূরণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেধে দেন তারা।
ছাত্রীদের দাবির মধ্যে রয়েছে- রাত ১০টার পরে হলে প্রবেশের ক্ষেত্রে ‘অযৌক্তিক হয়রানি’ বন্ধ করা, হলে উপস্থিতি না থাকলে বরাদ্দ বাতিল ও পরীক্ষার ফর্মে স্বাক্ষর না করাসহ যে কোন ধরনের ব্যবস্থা বন্ধ করা এবং লাইনে দাঁড়িয়ে হাজিরা নেওয়ার বদলে রাত ১০টার পরে ছাত্রীদের কক্ষে গিয়ে হাজিরা নেওয়া।
এ ছাড়া হলে যাদের সিট বাতিল করা হয়েছে অবিলম্বে তা ফিরিয়ে দেওয়া, বিভিন্ন প্রয়োজনে এক হলের ছাত্রীদের অন্য হলে প্রবেশ ও ছাত্রীদের সঙ্গে আসা অতিথিদের হলে প্রবেশের ক্ষেত্রে ‘বাড়াবাড়ি’ না করার দাবিও রয়েছে।
গত ৭ ডিসেম্বর জাহানার ইমাম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শ্যামল কুমার রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ম অনুযায়ী হলের গেট রাত ১০টায় বন্ধ করা হবে।
গেট বন্ধ হয়ে গেলে কোনো শিক্ষার্থী হলের বাইরে যেতে বা বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারবে না। বিভাগীয় কোনো কাজে বাইরে থাকতে হলে অন্তত একদিন আগে বিভাগের সভাপতির সুপারিশসহ আবেদন করতে হবে।
বুধবার শেখ হাসিনা হলেও একই ধরনের নিয়ম চালু করা হয়।
এর আগে অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, হলে কোনো ছাত্রীর উপস্থিতি ৭৫ শতাংশ না হলে তার পরীক্ষার আবেদনপত্রে স্বাক্ষর করা হবে না।
বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলে প্রতিদিন নির্ধারিত সময়ে হাজিরার কোনো ব্যবস্থা না থাকলেও মেয়েদের হলে লাইনে দাঁড়িয়ে হাজিরা দিতে হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসেও এ ধরনের ‘বৈষম্যের’ কারণে ক্ষুব্ধ ছাত্রীরা চলতি সপ্তাহে হল প্রশাসনের নতুন বিধি-নিষেধের প্রতিবাদে আন্দোলন শুরু করে।
বুধবার রাতে বিক্ষোভ মিছিল থেকে তারা স্লোগান দেন- ‘হল কোনো খোয়াড় নয়/১০টা হলেই ঢুকতে হবে,' ‘প্রশাসনের খামখেয়ালি/মানব না-মানব না’।
মিছিল শেষে সমাবেশে অর্থনীতি বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী এবং শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী আতিয়া ফেরদৌস চৈতির সঞ্চালনায় বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন।
চৈতি বলেন, “বিভিন্ন প্রোগ্রামে হলের বাইরে থাকা আমার অধিকার এবং কাজ শেষে হলে ঢোকাও আমার অধিকার। এ অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসন হরণ করতে পারে না।”
জাহানারা ইমাম হলের আবাসিক ছাত্রী সূচী, শেখ হাসিনা হলের কাব্য ও শাহিনুর আক্তার প্রীতি, খালেদা জিয়া হলের ববিসহ অনেকই সমাবেশে হল প্রশাসনের বিভিন্ন হয়রানি ও বিড়ম্বনার কথা তুলে ধরেন।
তারা বলেন, রাত ১০টার পরে ঢুকতে গেলে হলের শিক্ষক ও সুপার দুর্ব্যবহার করেন। টানা চার দিন হাজিরা না থাকলেই হলের আসন বাতিল করা হয়। এভাবে হলের প্রায় ৪০ জনের বরাদ্দ বাতিল করেছে হল প্রশাসন।
শেখ হাসিনা হলের শাহিনুর আক্তার প্রীতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কিছুদিন আগে ঢাকায় একটি কর্মশালায় অংশ নিয়ে ক্যাম্পাসে ফিরতে রাত প্রায় ১১টা বেজে যায়। এরপর হলে ঢুকতে গেলে শিক্ষকরা আমাকে আসামির মতো জেরা করতে থাকে, যেন আমি কোন বড় ধরনের অপরাধ করে এসেছি।”
তবে হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা।
বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক শাহেদুর রশিদ দাবি করেন, "হলে নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। নির্দেশনা দিতে গিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। মেয়েদের চলাফেরা থেকে শুরু করে সবকিছুই আগের মতো থাকবে।"
এর আগে ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ে তৎকালীন উপাচার্য শরীফ এনামুল কবির মেয়েদের রাত ৮টার মধ্যে হলে প্রবেশের নিয়ম করলে তখনও ছাত্রীদের প্রতিবাদে তা স্থগিত হয়।
প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল
ছাত্রীদের হলে প্রবেশের ক্ষেত্রে প্রশাসনের জারি করা বিধি নিষেধের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট।
বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা গেইট (প্রান্তিক) থেকে মিছিলটি শুরু হয়ে ছাত্রীদের হলগুলোর সামনে দিয়ে পরিবহন চত্বরে গিয়ে জোটের কর্মীরা সমাবেশে মিলিত হন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি তন্ময় ধর সমাবেশে বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্নভাবে ছাত্রীদের স্বাধীনতা খর্ব করছে, হয়রানি ও বৈষম্যমূলক আচরণ করছে।"
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, "শিক্ষার্থীদের মূল্যবোধ গড়ে তোলার জন্য সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার আয়োজন করা, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনিক উদ্যোগ নেওয়ার পরিবর্তে অহেতুক ছাত্রী হলে খবরদারি-নজরদারি বিশ্ববিদ্যালয়ের জন্য কোন সুফল বয়ে আনবে না।"
