অস্ত্রসহ রাবি শিবিরকর্মী গ্রেপ্তার
আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার এক কর্মী ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে গোদাগাড়ী উপজেলার আঁচুয়া কসাইপাড়া থেকে গ্রেপ্তারের সময় তাদের কাছে ছয় রাউন্ড গুলিসহ যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল পাওয়া যায় বলে পুলিশ জানায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্মী ও ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আহসান হাবিবের (২২) সঙ্গে গ্রেপ্তার হাসান আলী (২৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজারের নাসির উদ্দীনের ছেলে।
হাবিব নওগাঁর রাণীনগর উপজেলার রাজাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, বিকাল ৫টার দিকে পুলিশের একটি দল আঁচুয়া কসাইপাড়া এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছিল।
এসময় মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন আহসান হাবিব ও হাসান আলী।
পুলিশ থামার নির্দেশ দিলে তারা থেমে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ ধাওয়া করে তাদের ধরে ফেলে।
ওসি আরও বলেন, আহসান হাবিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা থেকে অস্ত্র কিনে নিয়ে মোটরসাইকেলযোগে রাজশাহী যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন তারা।
