জাতীয় বির্তক প্রতিযোগিতায় শাবি চ্যাম্পিয়ন
আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় নারী বির্তক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে 'জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের' আয়োজনে শনিবার সন্ধ্যায় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
ফাইনাল রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক দলকে হারিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপাচার্য তার বক্তব্যে বলেন, "আলোর ভেতরের অন্ধকার দূর করতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। বিতর্ক চর্চার মধ্যদিয়ে যে সত্য উন্মোচিত হয়, সেই সত্য প্রতিষ্ঠায় বিতার্কিকদের সোচ্চার থাকতে হবে।"
অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের বনশ্রী মিত্র ও ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এটিএম আতিকুর রহমান বক্তব্য রাখেন।
