দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর পর তাণ্ডব, ইবি বন্ধ
দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর পর শিক্ষার্থীদের ব্যাপক তাণ্ডবের পর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।
ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করে ছাত্র-ছাত্রীদের সোমবার সকাল ১০টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।
ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে নির্বিচারে বাস পোড়ানোর প্রতিবাদে কুষ্টিয়া থেকে সব রুটে বাস চালানো পাঁচ ঘণ্টা বন্ধ রাখে পরিবহন মালিকরা।
রোববার দুপুরে ক্যাম্পাসের মধ্যে দুটি বাসের মধ্যে চাপা পড়ে এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের জন্য বাস দুটি ভাড়া করে আনা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লোকমান হাকিম সাংবাদিকদের জানান, বেলা ১২টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্বরে দুটি বাসের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তৃতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান টিটু।
বায়ো টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তৌহিদের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়।
ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন হল ও বিভাগ থেকে শিক্ষার্থীরা দেল বেঁধে বেরিয়ে এসে ক্যাম্পাসে ভাংচুর শুরু করে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়া করা বাসে দিতে থাকে আগুন।
অন্তত ৪০টি গাড়ি ভাংচুর করা হয় এবং এর মধ্যে ৩০টি বাস পুড়িয়ে দেওয়া হয় বলে জানান প্রক্টর।
বিশ্ববিদ্যালয়ের পরিবহনের দায়িত্বে থাকা শিক্ষক ড. মামুনুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশের রবার বুলেট এবং টিয়ার শেলে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন।
আহতদের মধ্যে চারজনকে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং বাকিদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে অবস্থান নিয়েও যান চলাচলে বাধা সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি এনামুল হক জানান।
শিক্ষার্থীদের ভাংচুর-অগ্নিসংযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠকে বসে বন্ধের সিদ্ধান্ত নেয়।
উপাচার্য অধ্যাপক আব্দুল হাকিম সরকার সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা এবং ছাত্রীদের সোমবার সকাল ১০টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।
এই ঘটনা তদন্তে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামাল উদ্দিনকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২১ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে উপাচার্য জানান।
এদিকে হল ছাড়তে প্রশাসন বাধ্য করায় বাইরে এসে পরিবহন ধর্মঘটের কারণে কোনো বাস না পেয়ে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। এসব ছাত্ররা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়।
ধর্মঘটের কারণে ছাত্ররা হল ছাড়লেও কোথাও যেতে না পারার কথা জানালে প্রশাসন তখন ছাত্রদেরও সোমবার সকাল পর্যন্ত হলে থাকার অনুমতি দেওয়ার পর তারা ছাত্রাবাসে ফিরে যায়।
ক্যাম্পাসে বাস পোড়ানোর পর বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া মজমপুর গেইটে বাস মালিকরা অবস্থান নিয়ে বাস, মিনিবাস, ট্রাক, ট্রাংকলরি চলাচল বন্ধ করে দেয়।
কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্ররা বিশ্ববিদ্যালয় কর্তৃক ভাড়া করা আমাদের ৩০টি বাস সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত এ ঘটনার যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই ধর্মঘট চলতে থাকবে।”
কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি শান্ত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
এরপর রাত সাড়ে ৮টায় ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন পরিবহন মালিকরা।
ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিচিম জানিয়েছেন।
