সালাহ্উদ্দিন আহমদকে স্মরণ করল ঢাবি ইতিহাস বিভাগ
জাতীয় অধ্যাপক এ এফ সালাহ্উদ্দিন আহমদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজুল ইসলাম লেকচার হলে ইতিহাস বিভাগের গুণী এই শিক্ষক ও প্রয়াত অধ্যাপককে স্মরণ করতে গিয়ে তার এক সময়ের সহকর্মী অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, "তার মতো ভাল মানুষ আর নেই। ভবিষ্যতেও এই দেশ-জাতি পাবে কি না সন্দেহ হয়।
"উনি একজন শান্তিপ্রিয় স্বভাবের, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, শত্রুহীন মানুষ ছিলেন। এই স্বভাবের কারণে ওনার সংস্পশে যারা আসতেন তারাই ওনাকে ভালবাসতেন।"
তিনি বলেন, "এই শান্তিপ্রিয়তা উনাকে গান্ধীবাদী রাজনীতির দিকে ঠেলে নিয়ে গিয়েছিল। তিনি মানবাতাবাদী ছিলেন। এজন্য মানবিক দৃষ্টিকোণ থেকেতার কাছে বাংলাদেশ-ভারত কোনো পার্থক্য ছিলো না।"
স্মরণসভায় ইতিহাস বিভাগের অধ্যাপক আব্দুল মোমিন চৌধুরী বলেন, "অনেকেই আকৃষ্ট হতেন শুধু তার মানবিক আচরণে। তার মধ্যে ক্রোধ বলতে কোন কিছুই ছিলো না। কেউ তার কাছে কোনও সমস্যা নিয়ে গেলে তিনি খুশি মনে প্রজ্ঞা ও জ্ঞান দিয়ে নিমিষের মধ্যে সুষ্ঠু সমাধান দিতেন।"
উপস্থিতি শিক্ষক-শিক্ষার্থীদেরকে অধ্যাপক সালাহ্উদ্দিন আহমদের আর্দশ অনুসরণের পরামর্শ দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষক এ এফ সালাহ্উদ্দিন আহমেদ বর্ণময় জীবনের অধিকারী ছিলেন। সুদীর্ঘকাল শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি, বাংলাদেশ জাতিসংঘ সমিতির চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য এবং মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের সদস্য পরিচালক ছিলেন।
সভাপতির বক্তব্যে ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরীফল্লাহ ভুইয়া বলেন, "তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী। কোন রাজনীতি দলের সাখে সম্পৃক্ত ছিলেন না, ছিলেন নিরপেক্ষ নির্ঝঞ্ঝাট । ঝমেলামুক্ত সহজ সরল জীবন যাপন করতেন।"
অধ্যাপক শরীফুল্লাহ বলেন, "এই স্মরণসভার আরও অনেক আগেই ঠিক করা হয়েছিল। কিন্তু সেদিন একটি রাজনৈতিক দল হরতাল ডাকায় স্মরণসভা পেছাতে হয়েছে।
"যিনি দেশের রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে অনেক অধ্যাপক সালাহ্উদ্দিন অনেক লেখনি লিখেছেন, বক্তব্য -সেমিনার করেছেন, মৃত্যুর পরে তার স্মরণসভাই দেশে অগণতান্ত্রিক চর্চার কারণে বিলম্বিত হয়েছে।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান, ইতিহাস বিভাগের অধ্যাপক কাজী আশফাক হোসেন ও অধ্যাপক মিল্টন কুমার দেব প্রমুখ।
