রোকেয়ায় শিক্ষকদের আন্দোলনে বিপাকে ভর্তিচ্ছুরা
শিক্ষক সমিতির লাগাতার আন্দোলনে অনিশ্চয়তার মুখে পড়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
আন্দোলনের কারণে স্থগিত হওয়া (আগামী ৪ -৬ ডিসেম্বর) ভর্তি পরীক্ষাও কবে নাগাদ নেওয়া হবে সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এবার ছয়টি অনুষদে এক হাজার ২৩০ আসনের বিপরীতে ৯০ হাজার ৪০২ জন শিক্ষার্থী আবেদন করেছে বলে ভর্তি প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
“শিক্ষকরাই তো পরীক্ষা নেবেন, কিন্তু বিভিন্ন দাবিতে তারা আন্দোলন করছেন। এ অবস্থায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।”
কবে নাগাদ পরীক্ষার তারিখ নির্ধারিত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, “সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না।”
বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদনকারী শিক্ষার্থী আয়েশা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “হাজী দানেশ বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে রোকেয়ায় আবেদন করেছি। ভর্তি পরীক্ষা অনিশ্চয়তার মুখে পড়ায় টেনশনে দিন কাটাচ্ছি।”
পদোন্নতি পাওয়া শিক্ষকদের সুবিধা প্রদান, অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিসহ সাত দফা দাবিতে গত ২৭ অক্টোরব থেকে আন্দোলন করছে শিক্ষক সমিতি।
এ বিষয়ে উপাচার্য ড. এ কে এম নূর উন নবী বলেন, “শিক্ষকদেরও অনেক দাবি পূরণ করেছি। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পদোন্নতি পাওয়া সহকারী অধ্যাপকরা সুবিধাসহ পদমর্যাদা পাওয়ার যে দাবি করছেন ইউজিসি তা না দেওয়ার পক্ষে মত দিয়েছে।
“ইউজিসির বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এরপরও বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের স্বার্থে সকলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছি। তারা কোনো সাড়া দিচ্ছেন না।”
শিক্ষার্থী ও ভর্তি পরীক্ষার্থীদের দুর্ভোগের দায় আন্দোলনকারী শিক্ষকদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মন বলেন, “উপাচার্য আমাদের আন্দোলনে সহয়তা না করে, আলোচনার নামে অনেক নাটক করেছেন। এখন আলোচনার সুযোগ নেই।”
