উত্ত্যক্তকারী ছাত্রকে পেটালো ঢাবি শিক্ষার্থীরা
তিন ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের পর প্রক্টরের হাতে তুলে দিয়েছে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকাল ৯টার দিকে কলা ভবনের পঞ্চম তলা থেকে লিফটে নামার সময় সঙ্গীত বিভাগের তিন ছাত্রীকে উত্ত্যক্ত করেন নাহিদ এবং তার দুই সহপাঠী সেলিম ও আরিফ। কলাভবন থেকে বেরিয়ে ওই ছাত্রীরা ক্যাম্পাস শ্যাডোর দিকে গেলে বন্ধুদের নিয়ে নাহিদও পিছু নেয়।
এসময় সঙ্গীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বরিকুল ইসলাম বাঁধন প্রতিবাদ করলে তাকে মারধর করেন নাহিদ ও তার সহযোগীরা।
খবর পেয়ে তিন ছাত্রীর সহপাঠীরা ক্যাম্পাস শ্যাডোর সামনে গিয়ে নাহিদকে হাতেনাতে ধরলেও অন্যরা পালিয়ে যায়। পরে নাহিদকে মারধর করে প্রক্টর অফিসে নেওয়া হয়।
তবে ছাত্রীদের উত্ত্যক্ত করার বিষয়টি অস্বীকার করে নাহিদ বলেন, “ও ছাত্রীরাই উর্দু বিভাগ নিয়ে খারাপ মন্তব্য করেছিল। তাদের উদ্দেশ্য বাজে মন্তব্য করিনি, আমাকে ফাঁসাতে ইভটিজিংয়ের অভিযোগ করছে তারা।”
প্রক্টর এম আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “নাহিদ ওই ছাত্রীদেরকে উত্ত্যক্ত করেছে। ভুক্তভোগী ছাত্রীরা এবিষয়ে লিখিত অভিযোগ করেছে।”
তিনি জানান, শাস্তি হিসেবে নাহিদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নাহিদের সহপাঠী সেলিম ও আরিফকে কারণ দর্শাতে বলা হয়েছে বলেও জানান প্রক্টর।
