নাচ-গান, ঢাকের বাদ্যে নবান্ন
ধানে গানে বাংলাদেশ। মাঠের সোনালি ফসলের হাসি। এই হাসির সঙ্গে কৃষকের মুখের হাসিরও রয়েছে হৃদিক সম্পর্ক।
ঋতু বৈচিত্র্যের এই বাংলায় হেমন্তের আগমনের সঙ্গে উঠানে ফসলের উপস্থিতি মনে আনন্দ আনে কৃষক-কৃষাণির। ঘরে ঘরে শুরু হয় নবান্নের উৎসব।
পিঠা-পুলির সৌরভ আর গোলাভরা ধানের সুখে উজ্জীবিত কৃষক পরিবারের আনন্দের এই ক্ষণকে বরণ করে নিতে শহরেও হয় নানা আয়োজন।
পহেলা অগ্রহায়ণ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুতলায় আয়োজন করা হয় নবান্নের উৎসব।
‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগানে জাতীয় নবান্নোৎসব ১৪২০ উদযাপন পর্ষদ এ উৎসবের আয়োজন করে।
আহমেদ রফিক বলেন, “এই নবান্ন উৎসব বহু বছরের পুরনো, সম্রাট আকবর যখন পহেলা বৈশাখ প্রবর্তন করেন, তারও আগ থেকে পালিত হত আমাদের গ্রামগুলোতে প্রত্যেক কৃষকের ঘরে ঘরে।
“হেমন্তের সোনালি ধান ঘরে আসতেই কৃষকের মুখে হাসি ফুটত। এ সময় কৃষাণিরা তৈরি করত নানা নকশায় চিত্রিত পিঠা। কিন্তু আজ তা কালের স্রোতে হারিয়ে যাচ্ছে। বাঙালি সংস্কৃতির এই উৎসবকে আমরা হারিয়ে যেতে দেব না।”
নবান্নোৎসব উদযাপন পর্ষদের চেয়ারম্যান লায়না হাসান বলেন, চলতি বছরের এই উৎসব ভাষাসংগ্রামী আবদুল মতিন, কবি আবুল হোসেন, অধ্যাপক সরদার ফজলুল করিম, অধ্যাপক সালাহ্উদ্দীন আহমেদ ও স্থপতি সৈয়দ মাইনুল হোসেনকে উৎসর্গ করা হয়েছে।
উদীচী শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, গীতিমায়া, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, নটরাজ, স্পন্দন, ভাবনা, নন্দন কলাকেন্দ্রসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা উৎসবে সঙ্গীত, নৃত্য পরিবেশন করেন।
সকাল ৯টায় নবান্নের শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে আবার চারুকলায় এসে শেষ হয়।
উৎসবে আগতদের মুড়ি-মুড়কিসহ বিভিন্ন ধরনের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।
উৎসব উপলক্ষে নবান্নের ঐতিহ্যকে উপজীব্য করে একটি স্মারক সংকলন, পোস্টার ও শুভেচ্ছাপত্র বের করা হয়।
