২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে দ্বিতীয় সুযোগ: অনশনে যাচ্ছে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 03:01 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

মঙ্গলবার বেলা ১২টায়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।

একইসঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীরা বুধবার রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে একটি স্মারকলিপি দেবে। এ জন্য সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে।

লিখিত বক্তব্যে কবি নজরুল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থী সালমান খান বলেন, বিশ্বের সব বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা যেখানে উন্মুক্ত, সেখানে আমাদের দেশে সেটা বরাবরই বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।

“শিক্ষায় মেধা অপেক্ষা অধ্যবসায়ের গুরুত্ব অনেক বেশি। তাই কেউ অধ্যবসায়ে যোগ্যতা অর্জন করতে পারলে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকা উচিত।”

সংবাদ সম্মেলনে ‘দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দের’ পক্ষে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব পাবলিক কলেজের আহমেদ সাগর, ঢাকা সিটি কলেজের আবদুল্লাহ আল মামুন, ইউনির্ভাসিটি স্কুল অ্যান্ড কলেজের রিয়াজুল ইসলাম প্রমুখ।