রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা
ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফা ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী ৩ নভেম্বর রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবে ভর্তিচ্ছুরা।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে এই দাবিতে কর্মসূচি ঘোষণা করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কবি নজরুল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী সালমান খান।
দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ আখ্যায়িত করে সালমান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা না নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রত্যাখান করে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।
“বিশ্বের সব দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সেশনে ভর্তি করা হয়। অথচ আমাদের দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে মাত্র একবার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
সংবাদ সম্মেলন থেকে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফা ভর্তি পরীক্ষার পদ্ধতি চালু রাখার দাবিতে স্মারকলিপির কর্মসূচি ঘোষণা করা হয়।
এছাড়াও মঙ্গলবার সকাল ১১টা থেকে টিএসসির সড়ক দ্বীপে গণস্বাক্ষর সংগ্রহ ও অভিভাবকদের মতামত গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইউনিভারসিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে উত্তীর্ণ রিয়াজুল ইসলাম রিহান, নটরডেম কলেজের রাকিবুল ইসলাম ও বিসিআইসি কলেজের স্বর্ণালী আহমেদ।
গত ১৪ অক্টোবর ভর্তি কমিটির সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও একই সিদ্ধান্ত নেয়।
