চবি কটেজে বোমা উদ্ধারের ঘটনায় মামলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যক্তি মালিকানাধীন একটি কটেজ থেকে বোমা উদ্ধারের ঘটনায় ৪২ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংলগ্ন ‘দ্বীপ মঞ্জিল’ কটেজে অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ বোমা উদ্ধার করে পুলিশ। এরপর গভীর রাতে থানার এসআই মো. শাহনেওয়াজ মামলাটি করেন।
বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় করা এ মামলায় নাম উল্লেখ করে ৩০ জন এবং অজ্ঞাতপরিচয় আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে।
মো. ইউনুস নামে এক ব্যক্তির মালিকানাধীন কটেজটিতে শিবিরের নেতাকর্মীরা থাকত বলে পুলিশের দাবি।
বুধবার সকালে হাটহাজারীর ছড়ারকুল এলাকায় শহর থেকে ক্যাম্পাসগামী শিক্ষক বাসে হাত বোমা ছুড়ে শিবির কর্মীরা। এ সময় ১১ জন শিক্ষকসহ মোট ১৪ জন আহত হন। আহতদের নয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই দিন বিকালে সোহরাওয়াদী হলের পাশে খতির মঞ্জিল নামে একটি কটেজ থেকে বেশ কিছু রাম দা, কিরিচ, নয়টি ককটেল, পাইপগান ও ককটেল তৈরির সরঞ্জাম, উসকানিমূলক বই ও কর্মপরিকল্পনার ছক উদ্ধার করে পুলিশ।
শিক্ষকবাসে হামলার ঘটনায় বুধবার রাতে চবি পরিবহন দপ্তরের পরিচালক রবিউল আলম এবং হাটহাজারী থানার এসআই মনজুর আহামেদ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ ৯৫ জনকে আসামি করে দুইটি মামলা করেন।
